২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ জেলায় নতুন ডিসি

প্রশাসনে রদবদলে নতুন জেলা প্রশাসক পেয়েছে খুলনা, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, বাগেরহাট ও জয়পুরহাট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 04:42 PM

Updated : 25 Apr 2022, 05:04 PM

রোববার এই বদলির পাশাপাশি তিন সচিবের দপ্তর বদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একই দিনে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বিজন লাল দেবকে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রথম সচিব হিসাবে বদলি করা হয়েছে।

বান্দরবানের জেলা প্রশাসক কে এন তরিকুল ইসলামকে ত্রাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে, তার দায়িত্বে পাঠানো হয়েছে অর্থ প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. মিজানুল হক চৌধুরীকে।

খুলনার জেলা প্রশাসক আনিছ মাহমুদকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বদলি করা হয়েছে। খুলনায় পাঠানো হয়েছে রাঙামাটির জেলা প্রশাসক মো. মোস্তফা কামালকে।

রাঙামাটিতে নতুন জেলা প্রশাসক হয়ে যাচ্ছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব মো. শামসুল আরেফীন।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. মাসুদ করীমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়ে। সেখানে জেলা প্রশাসক করে পাঠানো হয়েছে ঢাকার দিয়ারা সেটেলমেন্ট অফিসার মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকে।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. শুকুর আলীকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তার দায়িত্ব পালনে যাচ্ছেন ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব মো. জাহাঙ্গীর আলম।

জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসীনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ওই জেলার দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুল রহিমকে।

৩ সচিবের দপ্তর বদল

প্রবাসী কল্যাণ সচিবসহ সচিব পদমর্যাদার তিন কর্মকর্তার দপ্তর বদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেনকে পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক করা হয়েছে।

পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক এ কে এম আবদুল আউয়াল মজুমদারকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর করে বদলি করা হয়েছে।

বিপিএটিসি’র রেক্টর খন্দকার মো. ইফতেখার হায়দারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিব করা হয়েছে।