ফেনীতে গাছের সঙ্গে ধাক্কায় ট্রাক চালক নিহত
ফেনীতে লবণ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাক চালকের দুই সহকারী।
নিহত মোহাম্মদ সজীব মিয়া (৩৫) বগুড়ার শাহজাহানপুর উপজেলার লাদুরপুকুর গ্রামের মো. শাহজাহানের ছেলে।
ফেনীর মহিপাল মহাসড়ক থানার পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান জানান, রোববার সকালে দেবীপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ মমিন ও মোহাম্মদ জামালকে গুরুতর অবস্থায় ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলায়।
পরিদর্শক সালেহ বলেন, চট্টগ্রাম থেকে লবণ বোঝাই ট্রাকটি ঢাকা যাচ্ছিল। সকালে সেটি মহাসড়কের দেবীপুর এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে ট্রাকটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই চালক সজীব মিয়ার মৃত্যু হয়।
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়।”
