কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে ‘চরমপন্থি’ নিহত
কুষ্টিয়ার মিরপুরে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, যিনি একজন চরমপন্থি নেতা বলে পুলিশের দাবি।
মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন জানান, শনিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভাঙা বটতলায় শহিদুলের ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, নিহত এনামুল হক (৩৫) চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা এবং দুই মামলায় ২৪ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।
এনামুল মিরপুরের মালিহাদ ইউনিয়নের আসাননগর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
ঘটনা সম্পর্কে পুলিশের ভাষ্য, চরমপন্থিরা শহিদুলের ইটভাটায় চাঁদা নিতে আসছে খবর পেয়ে মিরপুর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল সেখানে অবস্থান নেয়। সাত-আটজন ‘চরমপন্থি’ সেখানে পৌঁছালে পুলিশ তাদের ঘিরে ফেলে। এসময় চরমপন্থি সদস্যরা পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।
“আধা ঘণ্টা বন্দুকযুদ্ধের পর চরমপন্থিরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় এনামুলকে পাওয়া যায়।”
এনামুলকে মিরপুর স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা বলেন, “এনামুল দীর্ঘদিন পলাতক থাকলেও সম্প্রতি ফিরে এসে দল গোছাতে শুরু করে। গত কিছুদিন ধরে তার চাঁদাবাজির খবর পাওয়া যাচ্ছিল।”
এনামুলের বিরুদ্ধে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন থানায় সাতটি হত্যাসহ বিভিন্ন অভিযোগে ২৪টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি ২৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।
