অতিথি বরণে বিড়ম্বনা
সাবিহা আক্তার সুমি সপ্তম শ্রেণির শিক্ষার্থী। থাকে দারুস সালামে। স্কুল মিরপুর বাংলা কলেজের কাছাকাছি। বাসা থেকে রিক্সায় স্কুল যেতে ২০ মিনিটের মতো লাগে।
বেলা ১২টায় পরীক্ষা শুরু। সময় নিয়েই বাসা থেকে বের হয়ে গলির মুখ থেকে আর বের হতে পারছে না। পুলিশ আটকে দিয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরছেন; তাই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
সুমি পরে ঠিকই স্কুলের বার্ষিক পরীক্ষায় অংশ নেয়। তবে ২০ মিনিট পরে তাকে ঢুকতে হয়েছে।
“এজন্য সময়ের অভাবে পরীক্ষায় একটি প্রশ্নের উত্তর দিতে পারিনি,” বলেছে সে।
সুমির মতো একই সমস্যায় পড়তে হয়েছিল আদাবর রিং রোডের বাসিন্দা জুলফিকারকে। তাকে প্রায় আধা ঘণ্টা নিশ্চল গাড়িতে বসে থাকতে হয়।
আর আধা ঘণ্টার এই নিশ্চলতায় যে যানজটের সৃষ্টি হয় তা কাটতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা।
নিজের গাড়িতে করে গুলিস্তান যেতে প্রায় পৌনে দুই ঘণ্টা সময় লাগে জুলফিকারের, যেখানে তার সর্বোচ্চ আধা ঘণ্টা লাগার কথা।
শুধু সুমি বা জুলফিকার নয়, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরি কাজে বের হওয়া অনেককেই এই যানজটে পড়তে হয় এ সময়।
১০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে শনিবার সকালে ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
বিমানবন্দর থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান ভুটানের প্রধানমন্ত্রী।
সেখানে স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। শেরিং তোবগে ও তার সফরসঙ্গীরা বেলা ১১টার কিছু পরে কারওয়ানবাজারে সোনারগাঁও হোটেলে পৌঁছান বলে পুলিশ কর্মকর্তারা জানান।
অতিথিদের সাভার থেকে কাওয়ানবাজারে পৌঁছানোর সময়টুকুতেই মিরপুর রোড ছাড়াও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউসহ আশপাশের এলাকায় ব্যাপক যানজট দেখা দেয়।
বেলা ১১টার কিছু আগে থেকে প্রায় ১২টা পর্যন্ত ফার্মগেইট, কারওয়ানবাজার, শাহবাগ এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সড়ক পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় দুই ঘণ্টা লাগে বলে ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে।
“যে যানজটের সৃষ্টি হয় তা কাটতে কিছু সময় লেগেছে এটা সত্য। তবে পুলিশ খুবই তৎপর ছিল,” বলেন সহকারী কমিশনার নেওয়াজী ।
