ক্লিনিক সিলগালা, পরিচালক জেলে
রোগী ভাগিয়ে নিয়ে প্রতারণার অভিযোগে রাজশাহীতে একটি ‘অবৈধ’ ক্লিনিক বন্ধ করে তার পরিচালককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মতুর্জা আল মঈদের নেতৃত্বে ‘এশিয়ান ক্লিনিকে’ এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, দণ্ডিত রিয়াজ উদ্দিন তালুকদার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে দালালদের মাধ্যমে রোগী ভাগিয়ে নিয়ে চিকিৎসার নামে মোটা অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছিলেন।
বোয়ালিয়া মডেল থানার ওসি খন্দকার নুর হোসেন বলেন, শুক্রবার রামেক হাসপাতাল থেকে ভালো চিকিৎসা দেওয়ার নাম করে তৌহিদ (০৪) নামের এক শিশু ওই ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। তাদের কাছ থেকে নেওয়া হয় সাত হাজার টাকা।
নওগাঁর পত্মীতলা উপজেলার চৌরট গ্রামের মমতাজের ছেলে তৌহিদের গলায় দুই টাকার কয়েন আটকে গেলে বৃহস্পতিবার সকালে তাকে রামেক হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।
ওসি বলেন, শুক্রবার ১০টার দিকে মাহফুজ নামে এক দালাল অপারেশন করে শিশুটির গলার আটকে যাওয়া কয়েন বের করে দেওয়ার কথা বলে এশিয়ান ক্লিনিকে নিয়ে যায়।
সেখানে ৭ হাজার টাকা নেওয়ার পর শনিবার দুপুর ১২টায় তার অপারেশনের কথা বলে। কিন্তু দুপুরে শিশুটির অবস্থার অবনতি হলে তার অভিভাবকরা চিকিৎসক ডাকতে বলে ক্লিনিকের পরিচালককে।
চিকিৎসক না পেয়ে শিশুটিকে নিয়ে রামেক হাসপাতালে যাওয়ার চেষ্টা করলে পরিচালক রিয়াজ উদ্দিন তাদের বাধা দেন।
এ নিয়ে ক্লিনিকে হৈচৈ শুরু হলে স্থানীয় লোকজন গিয়ে বিষয়টি শুনে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে এবং রিয়াজ উদ্দিনকে আটক করে।
এদিকে, বিকালে বোয়ালিয়া থানা পুলিশের সহযোগিতায় এশিয়ান ক্লিনিকে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
আদালত ক্লিনিক পরিচালককে সাজা দেওয়া হয় এবং ক্লিনিকে ভর্তি থাকা আরও দুই রোগীকে রামেক হাসপাতলে পাঠিয়ে দিয়ে তা বন্ধ করে দেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মতুর্জা আল মঈদ বলেন, ক্লিনিকটির কোনো বৈধতা নেই। ক্লিনিকের সাইনবোর্ডে প্রস্তাবিত এশিয়ান ক্লিনিক লেখা থাকলেও প্রস্তাবনার কাগজও নেই তাদের।
ভ্রাম্যমাণ আদালতে রাজশাহী সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে ডেপুটি সিভিল সার্জন মমতাজুল করিম উপস্থিত ছিলেন।
