প্রশ্নপত্র ফাঁস, গণিত পরীক্ষা হয়নি আদিতমারীতে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গণিতের প্রশ্নপত্র ফাঁস হওয়ায় ৪০টি বিদ্যালয়ে বার্ষিকে ওই বিষয়ের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষক সমিতি।
শনিবার ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির গণিত পরীক্ষা স্থগিত করার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক।
তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর এ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মো. মোজাম্মেল হক আরও জানান, আদিতমারী উপজেলা শিক্ষক সমিতির আওতায় ৪০টি উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অভিন্ন প্রশ্ন ও রুটিনে ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হয় ১ ডিসেম্বর।
শিক্ষক সমিতি প্রতিটি বিদ্যালয় থেকে একটি করে প্রশ্নের সেট নিয়ে সমিতির পছন্দমতো চারটি সেট তৈরি করে বিদ্যালয়গুলোতে পরীক্ষা নেয়া হচ্ছে।
মহিষখোচা স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক প্রধান সরোয়ার আলম জানান, শনিবার সকালে মোবাইল ফোনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রশ্ন ফাঁসের কারণে আজকের পরীক্ষা স্থগিত রাখার কথা জানান।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকও একই কথা জানিয়েছেন বলে জানান আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনিছুর রহমান।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক জানান, উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিটি বিদ্যালয় নিজেরাই প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেওয়ার নিয়ম থাকলেও এ উপজেলায় কেন মানা হচ্ছে না তা তিনি খতিয়ে দেখবেন বলেও জানান তিনি।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম জানান, এমন ঘটনায় ইতোমধ্যেই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে।
