লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি
লক্ষ্মীপুর সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন।
ঘটনার প্রতিবাদে শনিবার সকালে উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা।
গুলিবিদ্ধ ওমর ফারুক (৩৫) উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং একই ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফারুকের শরীরে বেশ কয়েকটি গুলি লেগেছে।
"প্রতিবাদে সকাল ১০টা থেকে বিক্ষুব্ধরা চন্দ্রগঞ্জ বাজার এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা সড়ক অবরোধ করেছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।"
স্থানীয় ছাত্রদল নেতা জিসান ও তার বাহিনীর লোকজন তাকে গুলি করে বলে অভিযোগ করেছেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন।
তিনি বলেন, "রাজনৈতিক প্রতিহিংসার জেরে হত্যার উদ্দেশ্যে জিসান নিজে ফারুককে গুলি করেছে।"
ফারুকের চাচা ইসমাইল হোসেন অভিযোগ করেন, সকালে বাড়ির পাশের একটি চা দোকানে গেলে স্থানীয় জিসান বাহিনীর লোকজন তাকে গুলি করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এক মাস আগে ফারুক সৌদী আরব থেকে দেশে এসেছেন বলে জানান তিনি।
চন্দ্রগঞ্জের ওসি হুমায়ূন কবির বলেন, "ঘটনার সঙ্গে জড়িত জিসান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।"
