রং তুলিতে নারী
তুলির আঁচড়ে কাগজ আর ক্যানভাসে ফুটে উঠেছে নারী, নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি ও নানা সামাজিক অসঙ্গতি। আর সেইসব ছবির সংগ্রহ নিয়ে শুরু হয়েছে ‘লুকিং আপ অ্যান্ড অ্যাবাভ' চিত্রকলা প্রদর্শনী।
রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায় এই আয়োজনে স্থান পেয়েছে শিল্পী রনজিৎ দাসের প্রায় দুই বছর ধরে আঁকা ৪৬টি চিত্রকর্ম।
ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনার সন্দ্বীপ চক্রবর্তী শুক্রবার বিকালে প্রদর্শনীর উদ্বোধন করেন।
প্রদর্শনীতে রং তুলিতে ক্যানভাসে আঁকা ৩৪টি চিত্রকর্মের পাশাপাশি কাগজে আঁকা ১২টি চিত্রকর্মও রয়েছে। আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী ঘুরে দেখা যাবে।
সদ্য প্রয়াত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীকে উৎসর্গ করা হয়েছে প্রদর্শনী।
উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্র সচিব এ কে এইচ মোরশেদ, চিত্রশিল্পী মাহমুদুল হক, চিত্রশিল্পী সমরজিত রায় চৌধুরী, ইন্টারনেট ও ডাটা সরবরাহকারী প্রতিষ্ঠান এডিএন টেলিকমের চেয়ারম্যান আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।
এডিএন টেলিকমের সহযোগিতায় এই আয়োজনের মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
রিদম অ্যান্ড ডিসটরসন নামের বেশ কয়েকটি চিত্রকর্ম রয়েছে প্রদর্শনীতে। এছাড়া গার্ল অ্যান্ড হার এনভায়রনমেন্ট, হারমনি, সিচ্যুয়েশন, ইমেজ অ্যান্ড রিফ্লেকসন, এক্সিসটেন্স অব লাইফ ও ড্রিম শিরোনামে রয়েছে বাকি চিত্রকর্মগুলো।
“সমস্যা থেকেই বেরিয়ে আসে সমাধান-এ চিন্তা থেকেই সমাজের নানা অসঙ্গতিকে চিত্রকর্মের বিষয়বস্তু করা হয়েছে।”
গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী বলেন, “রনজিৎ দাস নিরলস পরিশ্রমী একজন শিল্পী। দীর্ঘদিনের শিল্পচর্চার মাধ্যমে বাংলাদেশের সমকালীন শিল্পকলাকে তিনি সমৃদ্ধ করেছেন।
“ছবির গঠন, রেখার ধরন, রঙ ও টেক্সচারের ব্যবহার এবং সমতল বিভাজনে স্বতন্ত্র শৈলী নির্মাণে সফল তিনি।”
