২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুমার বয়ানে প্রধানমন্ত্রীকে কটাক্ষে ইমামকে পিটুনি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার একটি মসজিদে জুমার নামাজের আগে বয়ানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্য করার পর ইমামকে পিটুনি দিয়েছেন একদল মুসল্লি।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 10:36 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

পরে শরিফুল ইসলাম নামের ওই ইমামের সমর্থকদের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে সলঙ্গা থানার ওসি রেজাউল ইসলাম জানিয়েছেন।  

শুক্রবার সলঙ্গার পাটধারী পূর্বপাড়া মসজিদে এই ঘটনা ঘটে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি রেজাউল বলেন, “জুমার নামাজের খুতবার আগে বয়ানে ইমাম শরিফুল ইসলাম মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমামদের নির্যাতন এবং মসজিদ-মাদ্রাসা ধ্বংসের পাঁয়তারা করছে।’  ইমামের এই মন্তব্যে স্থানীয় মালয়েশিয়া প্রবাসী হাসিবুল করিমসহ একদল মুসল্লি বিষয়টির তাৎক্ষণিক প্রতিবাদ করেন।

“নামাজ শুরুর  আগেই এ নিয়ে পক্ষে-বিপক্ষে দফায় দফায় বাক-বিতণ্ডা হয়। নামাজ শেষ হলে হাসিবুল ও তার লোকজন মিলে ইমামকে মারপিট করে তাকে আটকে রাখে। এরপর ইমামের সমর্থকরা তাকে ছিনিয়ে নিতে গেলে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

এসময় সংঘর্ষে হাসিবুল, ইমরান, রাসেল, নূর আলম, মনি, রুবেল ও ইমাম শরিফুলসহ অন্তত ১০ জন আহত হন বলে তিনি জানান।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিলেও এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি এবং কাউকে আটক করা হয়নি বলে ওসি জানিয়েছেন।