২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফওজুল করীম স্মরণে দৈনিক বাংলা-বিচিত্রা পরিবার

প্রয়াত সাংবাদিক ফওজুল করীম তারার কর্মমুখর জীবনের নানা দিক তুলে ধরে তাকে স্মরণ করলেন বিলুপ্ত দৈনিক বাংলা-বিচিত্রা পরিবারের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 10:07 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

দীর্ঘদিন রোগে ভুগে গত ১৫ অক্টোবর মারা যান দৈনিক পাকিস্তানের সাবেক বার্তা ও নির্বাহী সম্পাদক ফওজুল করীম। ১৯৬৪ সালে পাকিস্তান প্রেস ট্রাস্টের অধীনে পূর্ব পাকিস্তান থেকে প্রকাশিত এই বাংলা দৈনিকে কয়েক যুগ ধরে কাজ করেছেন তিনি।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি কনফারেন্স লাউঞ্জে এক স্মরণসভায় তারা ভাইকে ঘিরে নানা স্মৃতি মন্থন করলেন তার দীর্ঘদিনের বন্ধু সাংবাদিক বিলুপ্ত দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খান ও সহকারী সম্পাদক সালেহ চৌধুরীসহ অনেকে।

তোয়াব খান তার ৫৪ বছরের সঙ্গী ফওজুল করীম সম্পর্কে বলেন, “খবরে কাগজের ক্ষেত্রে সাংবাদিকতায় নতুন ধারা সৃষ্টির অগ্রপথিকদের মধ্যে তারা ছিলেন অন্যতম।”

১৯৭০ সালে উপকূলীয় অঞ্চলে প্রলঙ্করী ঘূর্ণিঝড়ের ভয়াবহতা নিয়ে দৈনিক বাংলার আলোকচিত্র ও প্রতিবেদনের কথা তুলে ধরে তিনি বলেন, “ফটোগ্রাফার গোলাম মওলার তোলা উপকূলীয় অঞ্চলের ‘একজন মৃত মানুষের ওপর মৃত সাপের ছবি’ ওই সময়ে পাঠকের দৃষ্টি কাড়ে। দৈনিক বাংলা থেকে তখন তারাসহ আমি ফটোগ্রাফার গোলাম মওলা, ডেস্কের মঞ্জুর আহমেদ ও নির্মল সেনকে রাত ১২টায় উপকূলীয় অঞ্চলে পাঠিয়েছিলাম সংবাদ সংগ্রহের জন্য।

“কীভাবে পত্রিকাকে মানুষের কাছে নেওয়া যায়, ফওজুল করীম তারা সব সময় চিন্তা করতো। কেবল তাই নয়, পত্রিকার লে-আউট ও ড্যামি তৈরির করা প্রথম কাজটি শুরু করেন ফওজুল করীম।”

তোয়াব বলেন, “এদেশে শেষের পাতার ফিচার তিনিই পত্রিকায় প্রথম চালু করেছেন। রিপোর্টিংয়ের ক্ষেত্রে নতুন ধারা সৃষ্টি করেছেন ফওজুল। অসাধারণ চিন্তার এই মানুষ নিরবে কাজ করে গেছে, সংবাদপত্রের উন্নয়ন ও বিকাশে।”

পাকিস্তান ও বাংলাদেশে বাংলা সংবাদপত্রের উন্নয়নে অবদানকারীদের ওপর একটি স্মারক গ্রন্থ প্রকাশের জন্য আয়োজকদের প্রতি আহ্বানও রাখেন তোয়াব খানসহ বিভিন্ন বক্তারা।

সভাপতির বক্তব্যে সালেহ চৌধুরী বলেন, “তারা ভাই বাম আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। মনে-প্রানে সেই রাজনীতিকে তিনি ধারণ করতেন। কখনো এই অসাধারণ মানুষটি তার আদর্শ খেকে সরে যাননি। নিজের কমিটমেন্টের প্রতি ছিলেন সবসময় অবিচল।”

স্বামীর সহকর্মীদের কাছে থেকে স্মৃতিচারণের জবাবে স্ত্রী নীলুফা করীম বলেন, “এতো সুন্দরভাবে স্বামীর স্মৃতিগুলো শুনে আমার চোখে পানি চলে এসেছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

বাংলাদেশের অভ্যুদয়ের সংবাদ নিয়ে ‘দৈনিক পাকিস্তান’ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ‘দৈনিক বাংলা’ নামে পুনর্যাত্রা করে। ১৯৯৭ সালের ১ অক্টোবর তৎকালীন সরকার দৈনিক বাংলা-টাইমস ট্রাস্ট বিলুপ্ত করলে দেশের অন্যতম পুরনো পত্রিকা দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস, সাপ্তাহিক বিচিত্রা ও সাপ্তাহিক আনন্দ বিচিত্রার প্রকাশনা বন্ধ হয়ে যায়।

দৈনিক বাংলার কর্মস্থলে ফওজুল করীম যাওয়া সময়ে প্রতিদিন রাতের টিফিন দেয়ার কথাও তুলে ধরেন তিনি।

শুরুতে ফওজুল করীমসহ দৈনিক বাংলা ও বিচিত্রার প্রয়াত সাংবাদিকদের শোক প্রস্তাব উপস্থাপন করে জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ। শোক প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশের সাংবাদিকতায় যে কজন অগ্রণী ভূমিকা রেখে গেছেন, তার মধ্যে ফওজুল করীমের ছিলেন অন্যতম। একজন বার্তা সম্পাদক হিসেবে তার কাজ ছিলো কিংবদন্তীতূল্য।

সালেহ চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে সাংবাদিক শুভ রহমান, আবদুল খালেক, মাহফুজউল্লাহ, চন্দন সরকার, মুহাম্মদ কামরুজ্জামান, আজিম বখস, মোহাম্মদ কামরুজ্জামান, হাসান হাফিজ, নাসির আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী রওনক হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ ও কামাল আহমেদ। এছাড়া দৈনিক বাংলার প্রবীণ অফিসকর্মী আবুল কাশেমও বক্তব রাখেন।

অনুষ্ঠানে আবদুল হালিম, ড. রেজোয়ান সিদ্দিকী, ওয়াসের আনসারী, অরুন চৌধুরী, কবি জাহাঙ্গীর ফিরোজ, নাজমুল হাসান, মজিদ মাহমুদ, নাজমুল আহসানসহ দৈনিক বাংলা ও বিচিত্রার সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।