মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি বাড়বে: প্রধানমন্ত্রী
তিন দিনের মালয়েশিয়া সফর অত্যন্ত সফল ও কার্যকর হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের জনশক্তি রপ্তানির বড় বাজার মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে তার এ সফর দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব রাখবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী।
অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলনের অভিজ্ঞতা এবং মালয়েশিয়া সফরের অর্জন নিয়ে শুক্রবার গণভবনে সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের আমন্ত্রণে মঙ্গলবার কুয়ালালামপুর পৌঁছান শেখ হাসিনা। বৃহস্পতিবার দেশে ফেরেন তিনি। তার এই সফরে ভিসা প্রক্রিয়া সহজ করা একটি চুক্তি,পর্যটন খাতে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে দুটি সমঝোতা স্মারক এবং জনশক্তি রপ্তানি নিয়ে একটি প্রটোকল সই হয়।
ওই প্রটোকলের আওতায় দেশটির সারাওয়াক প্রদেশে ১২ হাজার বাংলাদেশির কাজের সুযোগ তৈরি হবে, যা পর্যায়ক্রমে বেড়ে ৬০ হাজারে উন্নীত হবে।
এ বিষয়টি উল্লেখ করে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, “আমি মালয়েশিয়ার সকল খাতে বাংলাদেশি শ্রমিক নিয়োগের অধিকতর সুযোগ সৃষ্টির আহ্বান জানাই।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সময় দুই লাখ ৬৭ হাজার অবৈধ ছিল। আমরা ক্ষমতায় আসার পর তাদের বৈধ করেছিলাম। ১৯৯৬ সালে যখন ক্ষমতায় এলাম তখনও এক লাখ ৫৭ হাজার অবৈধ বাংলাদেশি মালয়েশিয়ায় ছিল। তাদের বৈধ করা হয়।”
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়া নিরুৎসাহিত করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমরা সরকারি উদ্যোগে যাদের পাঠাচ্ছি, তারা প্রশিক্ষণ নিয়ে স্বল্প খরচে যেতে পারছে। ডাটাবেজ করে পাঠাচ্ছি। সব কিছু সম্পর্কে জানিয়ে পাঠাচ্ছি।
“আমরা চাচ্ছি না, যে জায়গাটা আছে সেটা যেন বন্ধ হয়ে যায়।”
লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “সার্বিক বিবেচনায় এ সফরটি ছিল অত্যন্ত সফল ও কার্যকর। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের প্রসার ঘটবে এবং একইসাথে জনশক্তি রপ্তানি বাড়ানোর ক্ষেত্রেও এ সফর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে।”
১৯৭৩ সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মালয়েশিয়া সফরে যান, তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন নাজিব রাজাকের বাবা আব্দুল রাজাক হুসেন। দুই প্রধানমন্ত্রীর উত্তরসূরি হাসিনা ও নাজিব বর্তমানে দেশ দুটির সরকার প্রধানের দায়িত্বে।
বঙ্গবন্ধুর মালয়েশিয়া সফরের কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, “এ সফরের মূল্ উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গতিশীল করা এবং দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধি।”
দুই প্রধানমন্ত্রীর বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, “বিদ্যমান বাণিজ্য বৈষম্য হ্রাসের জন্য বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির অনুরোধ জানালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।”
এ লক্ষ্যে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য ব্যবস্থা ‘কার্যকর’ করার অনুরোধ জানালে নাজিব রাজাক পদক্ষেপ গ্রহণের কথা জানান বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, “যৌথ কমিশনের পরবর্তী বৈঠক যথাসম্ভব শীঘ্র আয়োজনের প্রস্তাব করলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর বৈঠক আয়োজনের ঘোষণা দেন।”
এছাড়া দুই দেশের মধ্যে যৌথ বিনিয়োগ ফোরাম গঠনের আহ্বান জানানো হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আশা করছি যৌথ কমিশনের পরবর্তী বৈঠকে এ বিষয়ে কার্যকর আলোচনা হবে।”
স্যামি ভেলুর সঙ্গে বৈঠক প্রসঙ্গে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, “তিনি বাংলাদেশের বিভিন্ন খাত যেমন- আবাসন, জ্বালানি ও রেল যোগাযোগের ক্ষেত্রে মালয়েশিয়ার বিনিয়োগের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। আমি বিশেষ দূতকে বাংলাদেশের নিম্ন আয়ের মানুষদের জন্য কামরাঙ্গীর চরে বহুতল আবাসন নির্মাণ প্রকল্পে বিনিয়োগে আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন।”
মাহাথির মোহাম্মদের সঙ্গে বৈঠকে প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “তিনি প্রোটন গাড়ির একটি কারখানা বাংলাদেশে স্থাপনের সম্ভাবনার বিষয় আমাকে অবহিত করেন।”
বুধবার সকালে মালয়েশিয়ার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত একটি সংলাপে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
ওই সংলাপে বিনিয়োগকারীদের বাংলাদেশে যোগাযোগ, জ্বালানি, বিদ্যুৎ, তথ্য-প্রযুক্তি, পর্যটন, আবাসন, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান বলে উল্লেখ করেন তিনি।
সার্ক সম্মেলন
সদ্য সমাপ্ত সার্ক সম্মেলন সফল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার মতে এবারের সার্ক শীর্ষ সম্মেলন অত্যন্ত সফল হয়েছে। শীর্ষ সম্মেলনের ঘোষণায় আমাদের বেশ কয়েকটি প্রস্তাব গৃহীত হয়েছে।”
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অষ্টাদশ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত ২৫ নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডু যান শেখ হাসিনা।
পরদিন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সব মতপার্থক্য সরিয়ে যৌথ সমৃদ্ধির পথে এগিয়ে আসার জন্য সার্ক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।
সম্মেলনের মূল আনুষ্ঠানিকতার বাইরে গত ২৬ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন শেখ হাসিনা।
তিনটি চুক্তির আশা নিয়ে এই সম্মেলন শুরু হলেও অনেক টানাপোড়েনের পর বিদ্যুৎ সহযোগিতার একটি চুক্তি সই হয় সেখানে।
আট সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মতিতে ৩৬ দফা কাঠমান্ডু ঘোষণার মধ্য দিয়ে ২৭ নভেম্বর বিকালে শেষ হয় এবারের সম্মেলন।
