সরকারের ব্যর্থতায় জনশক্তি রপ্তানি ‘বন্ধ’ : ফখরুল
সরকারের ব্যর্থতার কারণেই মধ্যপ্রাচ্য, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরের সময় মালয়েশিয়ার সঙ্গে স্বাক্ষরিত চুক্তির মধ্য দিয়ে জনশক্তি রপ্তানি কতোটা গতি পাবে- সে বিষয়েও তিনি সংশয় প্রকাশ করেছেন।
শুক্রবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “আমরা মনে করি- মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি বন্ধ হওয়ার জন্য বর্তমান সরকারের ব্যর্থতাই দায়ী।’’
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া সফরে জনশক্তি রপ্তানিসহ চারটি বিষয়ে চুক্তি সই হয়।
ফাইল ছবি
এ বিষয়ে ফখরুল বলেন, “আমরা যতটুকু জেনেছি, এটি একটি সাধারণ চুক্তি হয়েছে। আমরা লক্ষ্য করেছি, যে চুক্তির কথা বলা হয়েছে, তাতে কি পরিমাণ জনশক্তি মালয়েশিয়ায় নেওয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি।
“জনশক্তি রপ্তানির জন্য যদি নতুন করে চুক্তি হয়ে থাকে তা হলে ভালো কথা। কিন্তু কি চুক্তি হয়েছে, তা স্পষ্ট নয়। এই সরকার তো কোনো চুক্তি করলে তা জনগণের সামনে প্রকাশ করে না”, বলেন বিএনপির মুখপাত্র।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের অষ্টাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে যান মির্জা ফখরুল। পরে তাদের সঙ্গে তিনি মোনাজাতেও অংশ নেন।
ফখরুল বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজপথে আন্দোলন করার শপথ নিয়েছে। দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”
