২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে ছিনতাই

গাজীপুরের টঙ্গীতে লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে আরোহীদের কাছ থেকে গয়না, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 12:49 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

টঙ্গী থানার এসআই আব্দুল মান্নান জানান, শুক্রবার ভোরের দিকে গাজীপুরা বাঁশপট্টি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

ঘটনা জানার পরপরই টহল পুলিশ দুর্বৃত্তদের ধাওয়া করে। এ সময় কাউকে আটক করা না গেলেও আরোহীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটি মোবাইল ফোন ও ডেথ সার্টিফিকেট ছিনতাইকারীরা ফেলে রেখে যায় বলে জানান তিনি।

অ্যাম্বুলেন্সের আরোহী রাজিব তালুকদার জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ভাই শাহজাহান তালুকদার (৬৫) মারা যান।

ভাইয়ের লাশ নিয়ে রাতে তারা গাজীপুরের বাড়িতে ফিরছিলেন। অ্যাম্বুলেন্সে তিনি ছাড়াও তার ভাবি (নিহতের স্ত্রী), বোন, ভাইসহ আট জন ছিলেন।

রাজিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে রওনা দিয়ে রাত ৩টার দিকে তাদের চালক ভুল করে টঙ্গীর সাতাইশ রোড অতিক্রম করে প্রায় আধা কিলোমিটার সামনে চলে যায়। সেখান থেকে পেছনে ফিরে সাতাইশ রোডে ঢোকার জন্য গাজীপুরা বাসপট্টি এলাকায় মহাসড়ক অতিক্রম করার সময় রাম দা, ছুরিসহ দেশীয় অস্ত্রধারী ৪/৫ জন ছিনতাইকারী অ্যাম্বুলেন্স ঘিরে ফেলে।

অস্ত্রের মুখে আরোহীদের জিম্মি করে তিনটি স্বর্ণের চেইন, দুই জোড়া কানের দুল এবং নগদ ১০ হাজার টাকা, তিনটি মোবাইল সেট এমনকি ডেথ সার্টিফিকেটও ছিনিয়ে নিয়ে যায়।

রাজিবের অভিযোগ, ঘটনাস্থলের কাছেই টহল পুলিশ ছিল, কিন্তু তারা এগিয়ে আসেনি। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পর পুলিশ গাড়ির কাছে আসে।

“আমরা বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পর টহল পুলিশের এসআই আব্দুল মান্নান আমার মোবাইল ফোন ও বড় ভাইয়ের ডেথ সার্টিফিকেট বাড়িতে ফেরত দিয়ে যায়।”

এসআই মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরের দিকে আমরা ঘটনাস্থলের বিপরীত পাশে ছিলাম। সাথে সাথেই আমরা ছিনতাইকারীদের ধরার চেষ্টা করি। আমাদের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা মোবাইল ও ডেথ সার্টিফিকেট ফেলে যায়। পরে আমি এগুলো নিহতের বাড়িতে পৌঁছে দিয়েছি।”