ফুলছড়ি মুক্ত দিবস ৪ ডিসেম্বর
ঊনিশশ একাত্তরের ৪ ডিসেম্বর গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ও তিস্তামুখ রেলওয়ে ফেরিঘাট হানাদার মুক্ত হয়েছিল।
দিনটি পালন উপলক্ষে ফুলছড়ি ও সাঘাটার মুক্তিযোদ্ধারা আলোচনা সভা, শহীদদের কবরে পুস্পমাল্য অর্পণ ও মিলাদ মাহফিলে আয়োজন করেছেন।
স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, পাকিস্তানি বাহিনী একাত্তরের ২৩ এপ্রিল তৎকালীন ফুলছড়ি সিও অফিসের (বর্তমান উপজেলা পরিষদ কার্যালয়) চার কিলোমিটার দূরে তিস্তামুখ রেলওয়ে ফেরিঘাট এলাকায় ঘাঁটি স্থাপন করে।
এই দুই ক্যাম্প থেকে তারা আশপাশের হিন্দু সম্প্রদায়, আওয়ামী লীগ সমর্থক ও মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনের বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ ও নারী নির্যাতন শুরু করে।
এসব ঘটনার প্রত্যক্ষদর্শী ফুলছড়ি উপজেলার গজারিয়া গ্রামের স্কুল শিক্ষক আলম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাকিস্তানি বাহিনী বিভিন্ন এলাকা থেকে স্বাধীনতার পক্ষের মানুষকে ধরে এনে ব্যয়নেট দিয়ে খুঁচিয়ে কিংবা গুলি করে হত্যা করে। তারা জীবিত মানুষকেও গর্তে পুঁতেছে।”
তিস্তামুখ ঘাট এলাকার কৃষক আজিজুল হক (৭০) বলেন, “একদিন সকালে (সম্ভবত মে মাসের মাঝামাঝি) বাড়ির উঠান থেকে দেখি, তিস্তামুখ ঘাটে বিভিন্ন বয়সের অন্তত ১৭ জনকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়েছে। দৃশ্যটি দেখে ভয়ে ঘরের ভিতর ঢুকতে অসংখ্য গুলির শব্দ কানে ভেসে আসল। পরে জানলাম, তাদের গুলি করে হত্যার পর মাটিতে পুঁতে রাখা হয়েছে।”
ফুলছড়ি উপজেলার যোগারপাড়া গ্রামের বীরাঙ্গনা হামিদা বানু (৬০) বলেন, একাত্তরের জুলাই মাসের কোনো এক তারিখে রাত ১০টা। হঠাৎ উঠোনে পায়ের খটখট শব্দ শুনি। ভয়ে জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখি ৫-৬ জন পাকসেনা।
“কিছুক্ষণ পর দরজা ভেঙ্গে আমাদের ঘরে ঢুকল। তারা আমার স্বামীকে বেঁধে রেখে আমাকে তাদের ক্যাম্পে নিয়ে কয়েকদিন নির্যাতন চালায়। সেই স্মৃতি মনে হলে এখনও গা শিউরে ওঠে।”
স্থানীয় মুক্তিযোদ্ধা ও গ্রামবাসী জানান, পাক বাহিনীর অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠলে এলাকার ছাত্র-যুবক ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে আসেন জুন মাসের প্রথম দিকে।
১১নং সেক্টরের কোম্পানি কমান্ডার রোস্তম আলী খন্দকারের নেতৃত্বে এই মুক্তিযোদ্ধারা ফুলছড়ির গলনারচরে ক্যাম্প করে। পরে পার্শ্ববর্তী সাঘাটা পুলিশ স্টেশনসহ বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযান চালায়।
রোস্তম আলী খন্দকারের সহকারী কোম্পানি কমান্ডার এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একাত্তরের সেপ্টেম্বর মাসে অস্ত্র গোলাবারুদ বোঝাই তিনটি জাহাজ ফুলছড়ি তিস্তামুখ রেলওয়ে ফেরিঘাটে আসে।
“আমরা খবর পেয়ে বিষয়টি মানকারচর সাব-সেক্টরে জানাই। তারপর তিন নৌ-কমান্ডোকে জাহাজটি ধ্বংসের জন্য গলনারচরে পাঠানো হয়। কিন্তু যমুনা নদীর প্রবল স্রোতের কারণে অভিযান ব্যর্থ হয়। ওই অভিযানে দুই কমান্ডো মারা যান।”
৪ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধারা ফুলছড়ি থানায় আক্রমন চালিয়ে থানার অস্ত্রাগার থেকে ৪২টি রাইফেল, ২৫টি বন্ধুকসহ বিপুল পরিমাণ গোলাবারুদ লুট করেন।
ওইদিন বিকাল ৩টায় ফুলছড়ি সিও অফিস ও ফুলছড়ি তিস্তামুখ ফেরিঘাটে আক্রমণ চালানো হয়।
গৌতম চন্দ্র মোদক আরও বলেন, মুক্তিযোদ্ধাদের আক্রমণের পর ফুলছড়ি ক্যাম্পে অবস্থানরত পাকিস্তানি বাহিনী তিস্তামুখ ফেরিঘাট ক্যাম্পে চলে যায়। মুক্তিযোদ্ধারা পিছন থেকে দুই ক্যাম্পের পাকিস্তানি বাহিনীকে ধাওয়া করে অগ্রসর হতে থাকেন।
ধাওয়া খেয়ে পাকিস্তানি বাহিনী পিছু হটে পার্শ্ববর্তী সাঘাটা উপজেলার গোবিন্দি বাঁধে আশ্রয় নেয়। এখানে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়।
“এতে পাকিস্তানি বাহিনীর ২৫ সদস্য নিহত এবং জাহেদুল ইসলাম, আফজাল হোসেন, আব্দুস সোবহান, ওসমান গণি ও কাবেজ আলী নামের পাঁচজন মুক্তিযোদ্ধা শহীদ হন। ওইদিনই ( ৪ ডিসেম্বর) ফুলছড়ি উপজেলা ও তিস্তামুখ রেলওয়ে ফেরিঘাট হানাদার মুক্ত হয়।”
পরদিন ৫ ডিসেম্বর সকালে এ পাঁচ শহীদের মরদেহ গরুর গাড়িযোগে সাঘাটা থানার সগুনা ইউনিয়নের খামার ধনারুহা স্কুল মাঠে নিয়ে এসে সমাহিত করা হয়। স্বাধীনতা পরবর্তীকালে তাদের সম্মানে সগুনা ইউনিয়নের নাম পরিবর্তন করে মুক্তিনগর ইউনিয়ন রাখা হয়।
পাঁচ শহীদের সম্মানে তাদের কবরের পাশে নির্মিত হয়েছে স্মৃতিসৌধ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স।
