২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার লেনে গতির আশা কাদেরের

চীনা প্রতিষ্ঠান সিনোহাইড্রো পদ্মা সেতু প্রকল্পে নদী শাসনের কাজ পাওয়ায় এখন তাদের ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজেও গতি আসবে বলে মনে করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 04:45 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বৃহস্পতিবার সীতাকুণ্ডে একটি অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ‍চার লেন প্রকল্পের আওতায় ১৪টি বাইপাসের নির্মাণকাজ আগামী মার্চের মধ্যে শেষ হবে।

“এসব বাইপাস হলে দূরত্ব ২৯ কিলোমিটার কমে যাবে। সিনোহাইড্রো পদ্মা সেতুর কাজ পেয়েছে। এবার তাদের চার লেনের কাজেও গতি আসবে।”

গত সেপ্টেম্বরে সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভায় সিনোহাইড্রোর দরপ্রস্তাব অনুমোদনের পর ১০ নভেম্বর পদ্মা শাসনে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করে সরকার।

ঢিলেঢালাভাবে চার লেন প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ায় সিনোহাইড্রোর সমালোচনার মধ্যেই চীনা কোম্পানিটির সঙ্গে পদ্মা সেতুর মতো আলোচিত একটি প্রকল্পের কাজে চুক্তিতে যায় সরকার।

এর আগে ওবায়দুল কাদের নিজেই প্রতিষ্ঠানটির কাজে হতাশা প্রকাশ করেছিলেন।

গত ২৮ জুন চট্টগ্রাম সফরকালে রাজনৈতিক সহিংসতার সময় কাজ বন্ধ রাখা এবং বর্ষায় চার লেন প্রকল্পের বিভিন্ন অংশ মেরামত না করায় সিনোহাইড্রোর কর্মকাণ্ড নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন তিনি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের ১০টি প্যাকেজের সাতটির কাজ পেয়েছে সিনোহাইড্রো। বাকি তিনটি প্যাকেজে কাজ করছে দেশীয় ঠিকাদারী প্রতিষ্ঠান।

সীতাকুণ্ডের টেরায়াইলে এক্সেল লোড স্টেশনের পরিচালনা কার্যক্রম সেনাবাহিনীকে হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকরা চার লেন প্রকল্পের কাজ শেষ করতে কয়েক দফা সময় বেঁধে দেওয়ার পরের অগ্রগতি জানতে চান।

জবাবে মন্ত্রী বলেন, “টার্গেট দিতে হয়। টার্গেট না দিলে কাজ এগোয় না। টার্গেট দিয়েছি বলেই ৯৪ কিলোমিটারের কাজ শেষ হয়েছে।

“আপনারা জানেন, পাহাড়ের মাটি কাটার ওপর একটা স্থগিতাদেশ ছিল। তাছাড়া মন্দির, মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান সরিয়ে, অনেক বাধা পেরিয়ে, অনেক কষ্টে এলাইনমেন্ট ঠিক করে কাজ করতে হয়েছে।”

এর আগে এক্সেল লোড স্টেশনের কার্যক্রম হস্তান্তর অনুষ্ঠানে ওবায়দুল কাদের দেশের আরও কয়েকটি স্থানে এ ধরনের স্টেশন ‍চালুর কথা বলেন।

তিনি বলেন, “ভারী যানবাহনের কারণে রাস্তা ঠিক রাখা যাচ্ছে ‍না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর দিয়ে অনেক ভারী যানবাহন চলাচল করে। এজন্য রাস্তা ভেঙ্গে যাচ্ছে। সিলেট দিয়ে অনেক পাথর বোঝাই যানবাহন চলাচল করে।

“আগের সাতটি লোড স্টেশন আছে। রাঙ্গামাটি, আউশকান্দিসহ আরও ১০টি স্থানে স্টেশন স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।”

সীতাকুণ্ড ছাড়াও আউশকান্দি আর রাঙ্গামাটি লোড স্টেশন সেনাবাহিনীর পরিচালনায় ছেড়ে দেয়া হবে বলেও জানান তিনি।

স্থানীয় সাংসদ দিদারুল আলম ও দক্ষিণে জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০১২ সালের ২ নভেম্বর সীতাকুণ্ডের এক্সেল লোড স্টেশনটি উদ্বোধন করেন সে সময় যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ওবায়দুল কাদের। এতোদিন এটি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এটি সেনাবাহিনী চালু করবে।