২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় হাজতির মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে আটক মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 03:46 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বুধবার মধ্যরাতে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত সুভাষ পাহান (৪৪) বদলগাছী উপজেলার উত্তর মির্জাপুর গ্রামের মৃত দানেশ পাহানের ছেলে।

এদিকে কারা হেফাজতে সুভাষের মৃত্যুর বিষয়টিকে রহস্যজনক বলে দাবি করেছেন স্থানীয় আদিবাসী নেতারা।

নওগাঁ জেলা কারাগারের সহকারী জেল সুপার সায়েম উদ্দিন জানান, মঙ্গলবার একটি মাদক মামলায় বদলগাছী থানা পুলিশ সুভাষকে গ্রেপ্তার করে। পরে বুধবার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে আনা হয়।

তিনি বলেন, “কারাগারে আসার পর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য সন্ধ্যায় তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তিনি মারা যান।”

সুভাষের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল বলেন, শারীরিকভাবে সুস্থ অবস্থায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন সুভাষ। ফলে তার মৃত্যু নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

তার মৃত্যুর রহস্য উন্মোচনে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানান মুকুল।