বিদেশিকে তুলে আনতে গিয়ে ধরা পরাগ অপহরণের আসামি
এক বিদেশিকে তুলে আনতে গিয়ে ধরা পড়েছেন ঢাকার কেরানীগঞ্জের পরাগ মণ্ডল অপহরণ মামলার এক আসামি।
মো. মামুন মিয়া (৪৩) নামে ওই ব্যক্তিকে বুধবার বিকালে বনানী ডিওএইচএস থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ক্যান্টনমেন্ট থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, পরাগ অপহরণের মামলায় ১০ মাস কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পান মামুন।
ডিওএইচএসের ৫ নম্বর সড়কের ৩৬৪ নম্বর বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাট থেকে চীনা এক নাগরিককে অপহরণচেষ্টার অভিযোগে মামুনকে গ্রেপ্তার করা হয়ে বলে ওসি আতিক জানান।
“চীনো ওই নাগরিকের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে মামুনকে আটকে ফেলে। খবর পেয়ে পুলিশ গিয়ে মামুনকে গ্রেপ্তার করে।”
মামুন দাবি করেছেন, চীনা ওই নাগরিকের সঙ্গে হুন্ডির ব্যবসা করতেন তিনি এবং তিনি তার কাছে দুই কোটি টাকা পান।
ওই টাকা ফেরত পেতে ইয়াংসি নামে চীনা ওই নাগরিকের বাড়িতে গিয়েছিলেন বলে মামুনের দাবি। তবে ইয়াংসি মামুনকে চেনার কথা অস্বীকার করেছেন বলে ওসি জানান।
ইয়াংসি তাকে অপহরণের অভিযোগে মামুনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
কেরানীগঞ্জের শুভাঢ্যার ব্যব্সায়ীপুত্র পরাগকে অপহরণের অভিযোগে মামুনসহ ১২ জনের বিচার চলছে ঢাকার আদালতে।
২০১২ সালের নভেম্বরে পরাগকে অপহরণ করা হয়েছিল, তা নিয়ে ব্যাপক তোলপাড়ের মধ্যে ৪৮ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করে র্যাব।
