জার্মানিতে উচ্চশিক্ষার ভিসায় সহযোগিতা করবে ড্যাড
জার্মানিতে উচ্চ শিক্ষা নেওয়ার জন্য যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং ভিসাসহ সব ধরনের ব্যাপারে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (ড্যাড)।
বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘জার্মানিতে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে প্রাপ্ত সুবিধা ও স্টুডেন্ট ভিসা পদ্ধতি বিষয়ক’ এক আলোচনা সভায় শিক্ষার্থীদের এ এভাবে আশ্বস্ত করেন ড্যাডের প্রতিনিধরা।
ঢাকায় জার্মান দূতাবাস এবং জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (ড্যাড) এই আলোচনা সভা আয়োজন করে।
ড্যাড’র প্রতিনিধি মারি কিচেমার বলেন, “জার্মানি যেকোন বিশ্ববিদ্যালয় পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন ফরম, শিক্ষাবৃত্তি ও পড়াশুনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি প্রদান করবে এই শিক্ষা সংস্থা। জার্মানিতে পড়তে গিয়ে শিক্ষার্থীরা কোন ধরনের বিড়ম্বনার শিকার না হয় সেজন্য ভর্তি হওয়ার আগে যোগাযোগ করতে হবে।”
অনুষ্ঠানে ঢাকায় জার্মানির রাষ্ট্রদূতের তৃতীয় সহকারী ক্রিস্টিয়ান জ্যাপল বলেন, “জার্মানিতে উচ্চশিক্ষা ভিসা নেয়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা সাধারণত যে ঝামেলাগুলোর সম্মুখীন হন সেসব ক্ষেত্রে জার্মান দূতাবাস অনেকাংশে নমনীয় ভূমিকা পালন করবে।”
প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচয (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ বলেন, “উচ্চশিক্ষার কোন বিকল্প নেই। আর এই উচ্চশিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও ভিসাসহ সকল ধরনের সুযোগ প্রদান করবে। এ শিক্ষা বিস্তারে নানা ধরনের দিকনির্দেশনা দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা মান বাড়াতে হবে।”
‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ জার্মান ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ’-এর সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের ডিন মো. আখতারুজ্জামান প্রমুখ।
