২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ভুট্টা বোঝাই ট্রাক ছিনতাই

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া সড়কে পুলিশ পরিচয়ে চালক ও সহকারীকে আহত করে ভুট্টা বোঝাই একটি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 08:50 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

তাড়াশ থানার ওসি আতাউর রহমান জানান, বুধবার বিকালে তাড়াশের চরহামকুড়িয়া এলাকা থেকে টহলরত পুলিশ আহতদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।    

এরা হলেন চুয়াডাঙ্গার সাতগাড়ী গ্রামের ওয়াহেদ মন্ডলের ছেলে ট্রাক চালক নুরুল ইসলাম (৪০) ও মন্তাজ রহমানের ছেলে, চালকের সহকারী শিপন (৩০)।

ওসি আরও জানান, ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাড়াশ ও নাটোরের গুরুদাসপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়েও ট্রাকটি উদ্ধার করতে পারেনি।

ট্রাক চালক নুরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে প্রায় ৭/৮ লাখ টাকা মুল্যের ভুট্টা নিয়ে চুয়াডাঙ্গা থেকে ময়মনসিংহের ভালুকায় যাচ্ছিলেন।

পথে রাত পৌনে ১২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশের ১০নং ব্রিজ এলাকায় আসলে পুলিশের পোশাকে ৭/৮ জন লোক কাগজপত্র চেকিংয়ের নামে ট্রাকের গতিরোধ করে।

“তাদের হাতে ওয়াকিটকি সেট ও সার্চ লাইট ছিল। তারা আমাদেরকে ট্রাক থেকে নামিয়ে হাত-পা ও মুখ বেঁধে একটি সাদা মাইক্রোবাসে তুলে ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়।

“এরপর চরহামকুড়িয়া এলাকায় মাইক্রোবাস থেকে আমাদের মহাসড়কের পাশে ফেলে রেখে যায়।”