বন্দিদশার ৫ বছর: মা-ছেলে চট্টগ্রাম মেডিকেলে
ফেনীতে পাঁচ বছরের বন্দিদশা থেকে মুক্ত মা ও ছেলেকে আদালতের নির্দেশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বুধবার বিকালে ফেনী সদর হাসপাতাল থেকে জাহানারা বেগম রোজী ও ছেলে মেহেদী ইসলামকে স্থানান্তর করা হয় বলে জানান ফেনী সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হোসনে আরা চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতের নির্দেশে মানসিকভাবে অসুস্থ মা ও ছেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সমাজসেবা বিভাগের তত্বাবধানে তাদের চিকিৎসা চলছে সেখানে।
বিষয়টি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রামস্থ সমাজসেবার উপ-পরিচালককে অবহিত করা হয়েছে বলে জানান উপ-পরিচালক হোসনে আরা চৌধুরী।
সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পাঁচ বছর ধরে ফেনী শহরের একটি ঘরে তালাবন্ধ থাকার পর গত ২৬ নভেম্বর মা-ছেলেকে উদ্ধার করে পুলিশ। পরে তাদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গত রোববার (০১ ডিসেম্বর) সকালে ফেনী থানা পুলিশ তাদের আদালতে হাজির করে তাদের চিকিৎসা ও ভরনপোষণের ব্যবস্থা কারা করবে সে সম্পর্কে আদালতের অভিমত চাওয়া হয়।
ওইদিন দুপুরে উপযুক্ত কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মা ও ছেলের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য ফেনী জেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতিকে (জেলা প্রশাসক) নির্দেশ দেন ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামসুদ্দীন খালেদ।
