কক্সবাজারে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
কক্সবাজার শহর থেকে অস্ত্রসহ হত্যা মামলার আসামি এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজার সদর থানার ওসি মাহফুজুর রহমান জানান, বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে শহরের উত্তরণ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের (২৫) বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার এবিসি ঘোনার ফরিদুল আলমের ছেলে।
এ সময় তার কাছে দেশে তৈরি একটি এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
সদর থানার এসআই কামাল হোসেন বলেন, জাহাঙ্গীর ২০০৭ সালে শহরের বিডিআর ক্যাম্প এলাকায় হত্যাসহ ডাকাতি মামলা এবং চলতি বছর শহরে তিন লাখ টাকা ছিনতাই মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া 'রকি বাহিনী' নামে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জাহাঙ্গীর।
এ ঘটনায় জাহাঙ্গীরের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা করে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান সদর থানার ওসি মাহফুজুর রহমান।
