২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটের সিরাজুলের বিরুদ্ধে প্রসিকিউশনের প্রথম সাক্ষ্য

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার বাগেরহাটের সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মাস্টার ওরফে সিরাজ কসাইয়ের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন প্রসিকিউশনের প্রথম সাক্ষী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 12:53 AM

Updated : 22 Aug 2022, 08:01 PM

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন মুক্তিযোদ্ধা দিলীপ দাস (৬৫)।

সাক্ষ্যে তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পরেই বাগেরহাট অঞ্চলে রাজাকার বাহিনী গঠন করা হয়। এ বাহিনীর কমান্ডার ছিলেন রজব আলী ফকির ও ডেপুটি কমান্ডার ছিলেন সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার। 

এই দলটি বাগেরহাটের আশেপাশে হত্যা, নারী ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবাতাবিরোধী অপরাধ সংঘটন করে।

একই মামলায় অভিযুক্ত আরো দুই আসামি হলেন আব্দুল লতিফ তালুকদার ও আকরাম হোসেন খান।

এসময় সিরাজ মাস্টার ট্রাইব্যুনালের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। সাক্ষ্যগ্রহণ শেষে সাক্ষীকে জেরার জন্য আগামী ৪ ডিসেম্বর দিন ঠিক করে ট্রাইব্যুনাল মুলতবি ঘোষণা করা হয়।

এর আগে গত ৫ নভেম্বর অভিযোগ গঠন করে ২ ডিসেম্বর এই তিনজনের বিরুদ্ধে বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ও প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য দিন ঠিক করে দেয় আদালত।

গত ২০ অক্টোবর শুনানি শেষে ৫ নভেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

গত ১৫ সেপ্টেম্বর এ তিন আসামীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়  ট্রাইব্যুনাল। তার আগের দিন গত ১৪ সেপ্টেম্বর সায়্যেদুল হক সুমন ও শেখ মুশফিক কবির তিন আসামীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন।  

মানবতাবিরোধী অপরাধে সিরাজ মাস্টারের বিরুদ্ধে ছয়টি এবং আব্দুল লতিফ ও খান আকরামের বিরুদ্ধে যৌথভাবে ৪টি অভিযোগ আনা হয়েছে। গত ২৫ আগস্ট এ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এদের বিরুদ্ধে ৯টি খণ্ডে মোট ৮শ ৪৪ পৃষ্ঠার ডকুমেন্ট তৈরি করা হয়েছে। এছাড়া এদের বিরুদ্ধে ৬৫ জন সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করা হয়েছে বলে জানায় তদন্ত সংস্থা।