২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শফিউল হত্যার তদন্তে গড়িমসির অভিযোগ

সহকর্মী এ কে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের তদন্তে গড়িমসির অভিযোগ তুলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 05:09 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে এক মানববন্ধন কর্মসূচিতে এই অভিযোগ করে সমিতির সভাপতি কামরুল হাসান মজুমদার তদন্ত সুষ্ঠু না হলে শিক্ষকদের পক্ষ থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

সমাজ বিজ্ঞান বিভাগের এই অধ্যাপকের হত্যাকাণ্ডের বিচার দাবিতে ওই বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও অংশ নেন।  

গত ১৫ নভেম্বর ক্যাম্পাস সংলগ্ন চৌদ্দপাই এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে লালনভক্ত শফিউল খুন হওয়ার পর পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে এই হত্যার কারণ হিসাবে দুই ধরনের বক্তব্য দেওয়া হয়।

ঘটনার পর প্রথম ১১ জনকে গ্রেপ্তারের করে পুলিশ এই হত্যার পেছনে ‘জামায়াত নিয়ন্ত্রিত জঙ্গিদের’ সংশ্লিষ্টতার কথা বলেছিল।

কয়েকদিন পর ঢাকা, রাজশাহী থেকে ছাত্রদল ও যুবদলের দুই নেতাসহ ৬ জনকে আটকের পর র‌্যাব দাবি করে, ‘ব্যক্তিগত আক্রোশ’ থেকেই এরা হত্যাকাণ্ড ঘটিয়েছে।  

পরে অবশ্য র‌্যাবের দেখানো কারণকে সামনে রেখেই তদন্ত এগিয়ে নেওয়ার কথা বলেন রাজশাহীর পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন।

শিক্ষক সমিতির নেতা কামরুল হাসান বলেন, “আমরা আমাদের সহকর্মী শফিউল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি করেছিলাম।

“কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বিষয়টা নিয়ে গড়িমসি করা হচ্ছে। পুলিশ ও র‌্যাবের দুই ধরনের বক্তব্যে তদন্ত অনেকটা অন্ধকারেই রয়ে গেছে।”

সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ওয়ারদাতুল আকমাম বলেন, “আমাদের দাবি একটাই, আমাদের সবার প্রিয় শিক্ষক হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে খুঁজে শাস্তি দিতে হবে। লোক দেখানো তদন্ত বা কোনো রকম গড়িমসি যেন না হয়, সেটা প্রশাসনকে শ্চিত করতে হবে।”

মানববন্ধন শেষে শফিউল হত্যার বিচার দাবিতে সমাজবিজ্ঞানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।

পুরনো খবর:

শফিউল খুন: এখন র‌্যাবের দেখানো পথেই পুলিশের তদন্ত
‘অপমানের’ প্রতিশোধ নিতে অধ্যাপক শফিউলকে হত্যা?
শফিউল হত্যায় জামায়াতনিয়ন্ত্রিত জঙ্গিরা: পুলিশ
আতঙ্কে বাড়ি ছাড়লেন শফিউলের প্রতিবেশী শিক্ষক