২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 05:05 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার চাতুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে আনোয়ারা থানার এসআই খন্দকার আজাদ জানিয়েছেন।

নিহত মো. তানভীর (৮) সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের বাসিন্দা। নিহত অন্যজনের পরিচয় পাওয়া না গেলেও তার বয়স আনুমানিক ৪৫ বছর বলে পুলিশ জানায়।

এসআই আজাদ জানান, বেলা সোয়া ২টার দিকে বাঁশখালীগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশু তানভীরকে মৃত ঘোষণা করেন বলে এসআই আজাদ জানান।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আনুমানিক ৪৫ বছর বয়সী একজনকে মৃত ঘোষণা করেন।

বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে এসআই জানিয়েছেন।