‘ট্রলার ডুবির ঘটনায় বসুন্ধরা-৮ সম্পৃক্ততা নেই’
সাগরে ডুবে যাওয়া ফিশিং ভেসেল ‘বন্ধন’র দুর্ঘটনার সাথে ‘এমভি বসুন্ধরা-৮’ জাহাজের কোন সম্পৃক্ততা নেই বলে দাবি করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় নগরীর আগ্রাবাদে জাহাজ মালিকদের পিঅ্যান্ডআই (প্রটেকশন অ্যান্ড ইনডেমনিটি) ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
গত ২৮ নভেম্বর কক্সবাজারে সেইন্টমার্টিন্স উপকূল থেকে ৩০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এফবি বন্ধন নামের ওই ট্রলারটি ২৯ জন মাল্লা ও জেলেসহ ডুবে যায়।
চট্টগ্রামের বেঙ্গল ফিশারিজ লিমিটেডের মালিকানাধীন ট্রলারটির ২৬ আরোহী এখনও নিখোঁজ রয়েছে।
ঘটনার পরপরই মার্চেন্ট ভেসেল ‘বসুন্ধরা-৮’ নামের সিঙ্গাপুরগামী একটি জাহাজের ধাক্কায় বন্ধন ডুবে যায় বলে বেঙ্গল ফিশারিজ কর্তৃপক্ষের দাবি করে।
বেঙ্গল ফিশারিজের পক্ষ থেকে করা জিডিতেও দুর্ঘটনার জন্য ‘বসুন্ধরা-৮’ নামে মার্চেন্ট ভেসেলকে দায়ীও করা হয়।
সংবাদ সম্মেলনে পিঅ্যান্ডআই ক্লাবের বাংলাদেশ প্রতিনিধি ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদির বলেন, “এমভি বসুন্ধরা-৮ জাহাজটির পরিচালনাকারী সংস্থা সিম্ফোনি শিপ ম্যানেজমেন্টের পক্ষ থেকে সোমবার নৌ-বাণিজ্য অধিদপ্তর ও সমুদ্র পরিবহন অধিদপ্তরে চিঠি দিয়ে যৌথ সার্ভে করার আহ্বান জানানো হয়েছে।”
তিনি বলেন, “বর্তমানে জাহাজটি মালয়েশিয়ার কোয়ানটান পোর্টের পথে রয়েছে। আগামী ৪ ডিসেম্বর সেখানে পৌঁছার দিন নির্ধারণ রয়েছে। তাই যৌথ সার্ভে সেই বন্দরে গিয়ে সম্পন্ন করতে হবে।”
তিনি আরও বলেন, “এমভি বসুন্ধরা-৮ এই দুর্ঘটনার জন্য দায়ি হলে জাহাজ মালিকদের প্রতিনিধিত্বকারী সংস্থা পিঅ্যান্ডআই ক্লাব মাঝিমাল্লাদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ডুবে যাওয়া ট্রলারটিরও ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।”
ক্যাপ্টেন মহিউদ্দিন বলেন, “ট্রলার ডুবির ঘটনায় যদি এমভি বসুন্ধরা-৮ এর সংশ্লি¬ষ্টতা থাকলে জাহাজে থাকা রাডারের সাথে সংযুক্ত ভিডিআর (ভিডিও ডাটা রেকর্ডার) এর তথ্য যাচাই করলে তা সহজেই প্রমাণ পাওয়া যাবে।”
ট্রলার ডুবির পরপরই নৌবাহিনীর টহল দল এমভি বসুন্ধরা-৮ জাহাজটি পর্যবেক্ষণ শেষে বিদেশ যাত্রার অনুমতি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “তারপরও কোন সন্দেহ থাকলে তা যৌথ সার্ভের মাধ্যমে দূর করা যেতে পারে।”
সংবাদ সম্মেলনে এমভি বসুন্ধরা-৮ জাহাজের ক্যাপ্টেন মামুন মোরশেদের উদ্বৃতি দিয়ে ক্যাপ্টেন মহিউদ্দিন দাবি করেন, “এফভি বন্ধন ট্রলার ডুবির সাথে বসুন্ধরা-৮ এর কোনো সংশ্লিষ্টতা নেই।”
শুক্রবার ভোর রাতের ট্রলার ডুবির ওই ঘটনায় দুইজনকে জীবিত এবং একজনের লাশ উদ্ধার করে নৌবাহিনী।
