‘পান্থকুঞ্জের বর্জ্য স্টেশন কেন সরানো হবে না’
রাজধানীর বাংলামোটর-কারওয়ান বাজার সড়কের পাশে অবস্থিত পান্থকুঞ্জ পার্কসংলগ্ন জায়গায় বর্জ্যের সাবস্টেশন কেন সরিয়ে নেয়া হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ এই আদেশ দেয়।
একইসঙ্গে ওই স্টেশন স্থাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং পার্কের সীমানা বজায় রাখার কেন নির্দেশনা দেয়া হবে না- তাও জানতে চাওয়া হয় রুলে।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন মো. ইকবাল কবির লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু।
গৃহায়ন সচিব, পরিবেশ সচিব, স্থানীয় সরকার সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, রাজউকের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট পরিচালক, বর্জ্য সাব স্টেশনের প্রকল্প পরিচালক, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ১০দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
একই সময়ের মধ্যে ওই সাবস্টেশন নির্মাণে সকল শর্ত মানা হচ্ছে কি-না- এই মর্মে একটি প্রতিবেদন দিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক নির্দেশ দিয়েছে আদালত।
ওই পার্কের দক্ষিণ পশ্চিম কোনে একটি সেকেন্ডারি বর্জ্য সাব স্টেশন নির্মাণ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্ধারিত সীমানার বাইরে পার্কের জায়গায়ও ওই স্টেশন নির্মাণ করা হচ্ছে অভিযোগ করে এই রিট করা হয়।
নির্মাণকারীদের বিরুদ্ধে পার্কের গাছ কাটা এবং এলাকার পরিবেশ নষ্ট করার অভিযোগ আনা হয়।
