বাংলাদেশে গরু পাচার বন্ধে বিএসএফকে নির্দেশ
যে কোনো মূল্যে বাংলাদেশে গরু পাচার বন্ধে সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
সোমবার বিএসএফের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, “আমি আপনাদের বলতে চাই যে কোনো মূল্যে গরু পাচার বন্ধ করতে হবে। এরই মধ্যে যদি এ কাজ শুরু হয়ে থাকে তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদও উপস্থিত ছিলেন।
ভারত-বাংলাদেশের ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্তে গরু পাচারের ঘটনা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই ভারত থেকে অবৈধধভাবে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে আটক হন অনেক বাংলাদেশি নাগরিক। মাঝেমাঝে বিএসএফের গুলিতে প্রাণহানির ঘটনাও ঘটে।
এছাড়া প্রতিবছর কোরবানির ঈদকে কেন্দ্র করে বৈধ পথের পাশাপাশি অবৈধভাবেও বিপুল পশু ভারত থেকে বাংলাদেশে আসে।
বিএসএফের মহাপরিদর্শক অশোক কুমার ভারত থেকে গরু পাচার সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করে জানান, প্রতিদিনই হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে গরুভর্তি ট্রাক বাংলাদেশ সীমান্তে যায়। সেখান থেকে এসব পশু অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকে।
বিএসএফের কাজের প্রশংসা করে রাজনাথ সিং বলেন, “এই বাহিনী বিভিন্ন ফ্রন্টিয়ারে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, মাদক ও জাল মুদ্রা পাচার রোধে আপনাদের আরও পরিশ্রম করতে হবে।”
প্রতিবেশি দেশগুলো থেকে আসা ‘জঙ্গি’ হুমকি সম্পর্কেও সতর্ক করেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “হুমকি হুমকিই। অন্যান্য দেশের মতো প্রতিবেশি দেশগুলোতে যদি এসব সন্ত্রাসী সংগঠন মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে সেইসব দেশের উচিত এ ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া। কারণ কেউই ধরাছোঁযার বাইরে নয়।”
এসময় তিনি ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের কর্মকাণ্ডের প্রশংসা করেন।
