২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীর ‘মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি’ ওসির

মানবপাচারের মামলা করতে যাওয়া এক আইনজীবীকে মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসির বিরুদ্ধে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 09:39 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

জেলা আইনজীবী সমিতির কার্যনিবাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. রইশ উদ্দিন সোমবার এ অভিযোগে ওসি মো. জসীম উদ্দিনের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছেন।

যুগ্ম জেলা জজ-১ অনুপ কুমারের আদালতে করা এ মামলায় এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়।

মামলার আর্জিতে বাদীর অভিযোগ, তিনি (অ্যাডভোকেট রইশ উদ্দিন) গত মঙ্গলবার (২৫ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতে মানবপাচার বিষয়ে একটি মামলা দায়েরের জন্য আবেদন করেন।

ওই প্রেক্ষিতে জেলা ও দায়রা জজ কবিতা খানম মামলাটি সদর মডেল থানায় দায়েরের পরামর্শ দেন।

আদালতের পরামর্শে তিনি পরদিন (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করতে গেলে ওসি মো. জসীম উদ্দিন তাকে অকথ্য ভাষায় গালাগালসহ শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং থানা হাজতে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেন।

তিনি সাদা কাগজে স্বাক্ষর দিতে অস্বীকার করলে ওসি জসীম উদ্দিন তার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার পর লাশ মহানন্দা নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি দেন।

অ্যাডভোকেট রইশ উদ্দিন জানান, একই অভিযোগে গত বৃহস্পতিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. বুলবুল হোসেনের আদালতে জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আলী আওয়াল বাউল ওসি মো. জসীম উদ্দিনের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেন।

আদালত শুনানি শেষে অভিযোগটি বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন।

ওসি মো. জসীম উদ্দিন আইনজীবীকে মারধরের ঘটনা অস্বীকার করেছেন।

তিনি বলেন, ওইদিন সকালে সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদের থানায় আসার কথা ছিল। তাই পুলিশ ওই ব্যক্তিকে চিনতে না পেরে সরে যেতে বলে। এনিয়ে তিনি তর্কে জড়িয়ে পড়লে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।