২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইপিজেডভুক্ত দুটিসহ ৪ প্রতিষ্ঠানের জরিমানা

পরিশোধনযন্ত্র বন্ধ রেখে নদী দূষণের দায়ে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) দুটিসহ চার প্রতিষ্ঠানকে মোট ৮১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 08:20 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

সোমবার ঢাকায় অধিদপ্তরের সদর দপ্তরে কারখানা চারটির প্রতিনিধির উপস্থিতিতে শুনানি শেষে পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর তাদের জরিমানা করেন।

অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিইপিজেডের ডেনিম প্লাস (বিডি) লিমিটেড ও মিঠুন মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, সাগরিকার জিন্স এক্সপ্রেস লিমিটেড এবং পাহাড়তলির ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে জরিমানা করা হয়।

গত ১৯ নভেম্বর আলমগীরের নেতৃত্বে একটি দল এসব শিল্প কারখানা পরিদর্শনের প্রতিষ্ঠানগুলোর পরিবেশ দূষণের বিষয়টি ধরা পড়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্ণফুলী নদী দূষণ ও ইটিপি বন্ধ রেখে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি নদীতে ফেলে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করায় ডেনিম প্লাসকে ৩৬ লাখ টাকা ও মিঠুন মিথুন নিটিংকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি জিন্স এক্সপ্রেসকে ১১ লাখ টাকা ও ইমাম বাটনকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।