২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে অবরোধ

গাজীপুরের কালীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার পরও শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 07:56 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

সোমবার বালীগাঁও-ঘোনাপাড়ার গ্রামবাসী কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কে এ কর্মসূচি পালন করে।  

পরে বালু উত্তোলনের ড্রেজার সরিয়ে নিলে তারা অবরোধ তুলে নেয়।

বালীগাঁও গ্রামের শামীম (৩৮), কাইয়ূম (৩৫), মাজেদ (২৬) ও সোলেমার (৩৫) অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এভাবে বালু উত্তোলনের কারণে হুমকির মুখে রয়েছে নদী তীরবর্তী গ্রামসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো।  

স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, প্রভাবশালী একটি মহলের নামে এ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদী তীরবর্তী দেওপাড়া, মূলগাঁও, ঘোনাপাড়া, বালীগাঁও, মুনশুরপুর, দড়িসোম, ভাদার্ত্তী ও উত্তরসোম গ্রাম হুমকির মুখে পড়েছে।

এছাড়া নদী তীরের সেভেন রিং সিমেন্ট, প্রাণ, আরএফএল, প্রাণ এগ্রো কারখানা, জেটিএ ফুড, খাদ্য গুদামসহ শতাধিক বছরের পুরোনো কালীগঞ্জ বাজারও ঝুঁকির মধ্যে পড়ে বলে জানান তারা।

বালীগাঁও গ্রামের নাছির উদ্দিন (৬০) জানান, একাধিকবার বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে গ্রামবাসী বিক্ষোভ করেছে ও স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে।

কিন্তু তারপরও সরকার দলীয় নেতাদের নাম ভাঙিয়ে তারা আরো বেশি বেপরোয়া হয়ে বালু উত্তোলন করে যাচ্ছে।

সোমবার সকালে সরেজমিন দেখা যায়, বালীগাঁও গ্রামের নদীর পাড় ঘেঁষে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল।

বালু উত্তোলনের প্রতিবাদে বালীগাঁও গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ সড়ক অবরোধে অংশগ্রহণ করেন।