বাগেরহাটের চিংড়িচাষিরা দিশেহারা
সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ির দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় বাগেরহাটের চিংড়িচাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। প্রতিকেজি বাগদা চিংড়ির দাম চারশ থেকে পাঁচশ টাকা পর্যন্ত কমেছে।
একদিকে দাম কমেছে অন্যদিকে চাষিদের ডিপো মালিকদের কাছে চিংড়ি বিক্রি করতে হচ্ছে বাকিতে। ফলে চিংড়ির উপর নির্ভরশীল হাজার হাজার চাষি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গত তিন মাস ধরে এই অবস্থা চলছে।
তবে বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিএফএফইএ) দাবি করেছে আন্তর্জাতিক বাজারে বাগদা চিংড়ির দাম ও চাহিদা কমে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
সরকারকে এখনই চিংড়ি শিল্পে জড়িত চাষিদের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এ পেশায় সংশ্লিষ্টরা।
বাগেরহাটের চিংড়ি বেচাকেনার অন্যতম স্থান বারাকপুর মৎস্য আড়তের ডিপো মালিক ও চাষিদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে।
বারাকপুর মৎস্য (আড়তদার) ব্যবসায়ীদের কাছে জেলার চিংড়িচাষিদের কয়েক কোটি টাকা ইতিমধ্যে পাওনা হয়েছে। এই পাওনা টাকা চিংড়িচাষিরা কবে নাগাদ পাবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
চলতি মৌসুমে প্রতি কেজি বাগদা চিংড়ির বাজার দর ১৫ গ্রেড ৮০০ টাকা, যা তিন মাস আগে ছিল ১৩০০ টাকা, ২০ গ্রেড ৭০০ টাকা, আগে ছিল ১১০০ টাকা, ৩০ গ্রেড ৬০০ টাকা, আগে ছিল ৮৫০ টাকা, ৪৪ গ্রেড ৪০০ টাকা, আগে ছিল ৬০০ টাকা এবং ৬৬ গ্রেড ২০০ টাকা, আগে ছিল ৪৫০ টাকা।
বাগেরহাট সদর উপজেলার বারাকপুর মৎস্য আড়তে বাগদা চিংড়ি বিক্রি করতে আসা রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের বড় দুর্গাপুর গ্রামের চিংড়িচাষি দিপঙ্কর বাড়ৈ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি মৌসুমে তিনি তের বিঘা জমিতে বাগদা চিংড়ির চাষ করেছেন। মৌসুমের শুরুতে ঘেরে যে রেণু পোনা ছেড়েছিলেন তা ভাইরাস সংক্রমিত ছিল। পরে আবার নতুন করে পোনা ছাড়েন। সেই পোনায় বাগদা চিংড়ির উৎপাদন ভালই হয়েছে।
“প্রথম দিকে বাগদা চিংড়ি ১২শ টাকা পর্যন্ত কেজি বিক্রি করেছি। সেই চিংড়ি এখন ৬ থেকে ৭শ টাকায় বিক্রি করছি, তাও বাকিতে।
“ডিপো মালিকের কাছে বর্তমানে আমার লক্ষাধিক টাকা পাওনা রয়েছে। এই টাকা কবে দিতে পারবে তা বলা যাচ্ছেনা।”
তাদের স্বার্থ রক্ষার জন্য আন্তর্জাতিক বাজারে প্রতিদিন চিংড়ির দাম ওঠানামার বিষয়টি তদারকি করতে তিনি মৎস্য বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রামের চিংড়িচাষি আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বছর তিনি ২০ বিঘা জমিতে বাগদা চিংড়ির চাষ করেছেন। মৌসুমের শুরুতে নগদ টাকায় বিক্রি করে ভাল দাম পেয়েছেন। গত তিন মাস ধরে বাগদা চিংড়ির দাম অর্ধেকে নেমে এসেছে।
তিনি বলেন, “বারাকপুর মৎস্য আড়তের শাহ জালাল মৎস্য আড়তে শুরু থেকে চিংড়ি বিক্রি করে আসছি। গত তিন মাসে ওই ডিপো মালিকের কাছে আমার প্রায় তিন লাখ টাকা পাওনা রয়েছে। এই টাকা কবে পাব জানি না।”
তিনি জানান, আন্তর্জাতিক বাজারে বাগদা চিংড়ির দাম কমে যাওয়ায় নতুন শিপমেন্ট না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে ডিপো মালিক তাকে জানিয়েছেন।
চিংড়ি শিল্পকে রক্ষা করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ জানান তিনি।
বারাকপুরের শাহ জালাল আড়তের ডিপো মালিক ইউসুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক অ্যাসাসিয়েশনের (বিএফএফইএ) দাবি- আন্তর্জাতিক বাজারে বাগদা চিংড়ির দাম ও চাহিদা কমে যাওয়ায় বাজারে দাম কমে গেছে।
“গত সেপ্টম্বর থেকে নতুন কোনো শিপ মেন্ট হচ্ছে না। গত তিন মাসে আমি চাষিদের কাছ থেকে ত্রিশ লাখ টাকার চিংড়ি বাকিতে কিনেছি। তেমনি আমিও এজেন্টের কাছে বাকিকে চিংড়ি বিক্রি করেছি। তারা আমার পাওনা টাকা দিলে আমিও চাষিদের পাওনা দিয়ে দেব।”
বাগেরহাট জেলা চিংড়িচাষি সমিতির সভাপতি ফকির মহিতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিংড়ি উৎপাদনে দেশের অন্যতম জেলা বাগেরহাট। এই জেলার শতকরা সত্তর ভাগ মানুষ এই পেশার সঙ্গে জড়িত। মৌসুমের শুরুতে চিংড়ি ঘেরে ভাইরাস সংক্রমিত হয়। ঘের মালিকরা ভাইরাসের প্রকোপ কাটিয়ে উঠে ঘেরে চিংড়ির উৎপাদন ভাল পায়। ঘেরে উৎপাদিত চিংড়ি মৌসুমের প্রথম দিকে বাজারে দামও পায় আশানুরুপ।
কিন্তু তিন মাস আগে হঠাৎ বাগদা চিংড়ির দাম অস্বাভাবিকভাবে কমে যায়।
তিন মাস আগে চাষিরা যে চিংড়ি ১২০০ টাকা কেজি দরে বিক্রি করেছে, তা এখন ৬শ থেকে ৭শ টাকায় বিক্রি করছে। কেজি প্রতি পাঁচ থেকে ছয়শ টাকা কম।
তিনি বলেন, একদিকে চিংড়ির দাম কম অন্যদিকে তা আবার ডিপো মালিকদের কাছে বাকি রাখতে হচ্ছে। সব মিলিয়ে চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন।
এই অবস্থার নিরসন করা না গেলে চাষিরা চিংড়ি চাষে আগ্রহ হারাবে বলে তিনি মনে করেন।
বাগেরহাট জেলা মৎস্য বিভাগের বিভাগীয় মৎস্য কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হিসাব অনুযায়ী এ বছর জেলার নয়টি উপজেলায় মোট সত্তর হাজার হেক্টর জমিতে বাগদা ও গলদা চিংড়ির চাষ হয়েছে। এর মধ্যে ৪৭ হাজার হেক্টর জমিতে মোট ৩৯ হাজার ঘেরে বাগদা চিংড়ির চাষ করা হয়েছে। জেলায় বাগদা চিংড়ির বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার ২৭১ মেট্রিক টন।
মৌসুমের শুরুতে কিছুটা সমস্যা থাকলেও এবছর বাগদার উৎপাদন ভালো হয়েছে। বাগদা ও গলদা চিংড়ি উৎপাদনে দেশের অন্যতম প্রধান জেলা বাগেরহাট।
প্রথম দিকে চাষিরা দামও ভাল পেয়েছে। কিন্তু হঠাৎ দর পড়ে যাওয়ায় চাষিরা দুশ্চিন্তায় পড়েছেন। তবে কী কারণে বাজার দর পড়ে গেছে তা বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক অ্যাসাসিয়েশন (বিএফএফইএ) ভালো বলতে পারবে বলে তিনি জানান।
বাগেরহাট বারাকপুর মৎস্য আড়ৎদার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বারাকপুর মৎস্য আড়তে চিংড়ি বেচাকেনার কুড়িটি ডিপো রয়েছে। গত তিন মাসে এসব ডিপো মালিক চাষিদের কাছ থেকে কয়েক কোটি টাকা চিংড়ি বাকিতে কিনেছে।
বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক অ্যাসাসিয়েশন (বিএফএফইএ) আন্তজার্তিক বাজারে বাগদা চিংড়ির বাজার দর ও চাহিদা কমে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে আমাদের এজেন্টরা জানিয়েছে।
চাষিদের পাওনা টাকা কবে নাগাদ আমরা পরিশোধ করতে পারব তা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। তাই এই চিংড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক অ্যাসাসিয়েশন (বিএফএফইএ) সহসভাপতি এম খলিল উল্লাহর সঙ্গে কথা বলার চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
