মায়ের কবরে শেষ ঠাঁই নিলেন জগলুল চৌধূরী
সহকর্মীসহ সবার ফুলেল শ্রদ্ধার পর মায়ের কবরে সমাহিত করা হয়েছে সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরীকে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে শ্রদ্ধা জানানোর পর জগলুল চৌধূরীর জানাজায় অংশ নেন সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
এরপর বিকালে আজিমপুর নতুন কবরস্থানে মা সদরুন্নেসা চৌধুরীর কবরে শায়িত করা হয় এই সাংবাদিককে।
এসময় ছেলে নাবিদ আহমেদ চৌধুরী, মেয়ে অন্তরা চৌধুরীসহ স্বজনরা ছিলেন সেখানে। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম চৌধুরীও দাফনের সময়ে কাছেই ছিলেন।
আগামী শুক্রবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে কুলখানি হবে বলে নাবিদ চৌধুরী জানিয়েছেন।
গত শনিবার রাতে কারওয়ান বাজারে বাস থেকে নামার সময় চাপা পড়েন জগলুল চৌধূরী (৬৫)। বাসসের সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক জগলুল একটি টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন।
জগলুলের মৃত্যুর ঘটনায় সড়ক পরিবহন মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে।
মৃত্যুর পর হিমঘরে থাকা জগলুল চৌধূরীর কফিন সোমবার দুপুরে নেওয়া হয় বনানী মসজিদে। সেখানে জানাজার পর কফিন নেওয়া হয় জাতীয় প্রেসক্লাবে। তিনি প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন।
মরদেহ ক্লাব প্রাঙ্গণে আনার পর সাংবাদিক ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অকালে সহকর্মীকে বিদায় দিতে গিয়ে অনেক সাংবাদিকের চোখে ছিল জল।
প্রেসক্লাবে জানাজায় ইমামতি করেন জগলুল চৌধূরীর দীর্ঘদিনের বন্ধু অধ্যাপক আমিরুল ইসলাম।
জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, তথ্য সচিব মুর্তজা আহমেদ, রাজনীতিক মুজাহিদুল ইসলাম সেলিম, মোনায়েম সরকার, সাইফুল হক, সুলতান মো. মনসুর, ব্যারিস্টার আমীর-উল ইসলাম, বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী, মোসাদ্দেক আলী, ইনাম আহমেদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, গিয়াস কাদের চৌধুরী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক।
সাংবাদিক নেতাদের মধ্যে ছিলেন আমানুল্লাহ কবির, রিয়াজ উদ্দিন আহমেদ, হাবিবুর রহমান মিলন, মুহাম্মদ আমানউল্লাহ, মাহফুজ আনাম, হাসান শাহরিয়ার, মাহফুজউল্লাহ, নাইমুল ইসলাম খান, নুরুল কবীর, রুহুল আমীন গাজী, শওকত মাহমুদ, মঞ্জুরুল আহসান বুলবুল, শাহজাহান মিঞা, আলতাফ মাহমুদ, এমএ আজিজ, জলিল ভুঁইয়া, আবদুল হাই শিকদার, কুদ্দুস আফ্রাদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বাসস এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, আজিজুল ইসলাম ভুঁইয়া, আবদুল কাউয়ুম, সরকার ফিরোজ প্রমুখ।
জানাজার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলী প্রয়াত সাংবাদিকের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ওকাব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাসস, সংবাদ, একাত্তর টিভি, মহিলা পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি, বিপ্লবী ওয়ার্কাস পার্টি, ডেমোক্রেসী ওয়াচ, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ভোরের কাগজ, জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নও কফিনে ফুল দেয়।
ভারতীয় হাইকমিশনের পক্ষে ডেপুটি হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী ফুলেল শ্রদ্ধা জানান বাংলাদেশের এই সাংবাদিকের প্রতি।
প্রায় চার দশকের সাংবাদিকতা জীবনে সর্বশেষ ফিনান্সিয়াল এক্সপ্রেসের উপদেষ্টা সম্পাদক ছিলেন জগলুল চৌধূরী।
তার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার পিয়াম গ্রামে। তার বাবা নাসিরউদ্দিন চৌধুরী যুক্তফ্রন্ট সরকারের আইনমন্ত্রী ছিলেন।
