মাগুরায় দুর্ঘটনায় নিহত ১
মাগুরা-যশোর সড়কে মাইক্রোবাস ও গ্রামবাংলার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
সোমবার সকাল ১০টায় মাগুরা সদরের জাগলা এলাকায় এ দুর্ঘটনায় নিহত স্বপন দাস (৪০) ও আহতদের বাড়ি শালিখা উপজেলার সীমাখালী গ্রামে।
আহতদের মধ্যে মনিমোহন দাস নামের একজনের পরিচয় জানা গেছে। তাদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতরা সবাই পেশায় বাদক বলে পুরিশ জানিয়েছে।
মাগুরা সদর থানার ওসি জাহাঙ্গীর আলম আহতদের বরাত দিয়ে জানান, তারা ৫-৬ জন বাড়ি থেকে শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন ‘গ্রামবাংলায়’ করে মাগুরায় আসছিলেন।
পথে জাগলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে গ্রামবাংলার সংঘর্ষ হয়।
এতে আহত চারজনকে মাগুরা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক স্বপন দাসকে মৃত ঘোষণা করেন।
