ঝালকাঠির মেয়য়কে অব্যাহতি: মন্ত্রণালয়ের আপিল আবেদন খারিজ
ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেনের সাময়িক অব্যাহতির আদেশ স্থগিত করে দেওয়া হাই কোর্টের আদেশই বহাল থাকছে।
ওই স্থগিতাদেশের বিরুদ্ধে করা দুটি আপিলের আবেদন রোববার খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
হাই কোর্টে বিচারাধীন এ মামলার রুল দ্রুত নিষ্পত্তি করতে বলেছে সর্বোচ্চ আদালত।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও রেজাউলের পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ আদালতে শুনানি করেন।
আফজালের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, ইউসুফ হোসেন হুমায়ুন, এএম আমিন উদ্দিন, শ ম রেজাউল করিম ও মনজিল মোরসেদ।
গত ১ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক নোটিসে আফজালকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে যান তিনি।
শুনানির পর আদালত একটি রুল জারি করে। ওই নোটিস ‘কেন অবৈধ ঘোষণা করা হবে না’- তা জানতে চাওয়া হয় ওই রুলে। পাশাপাশি নোটিশের কার্যক্রমও স্থগিত করে আদালত।
এই স্থগিতাদেশের বিরুদ্ধেই আপিলের আবেদন নিয়ে আপিল বিভাগে যায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ও কাউন্সিলর রেজাউল।
শহরের বিভিন্ন সরকারি বিভাগের গাছ কেটে বিক্রি, ব্যাটারি চালিত রিকশার অনুমোদন দেয়া এবং শহরে বৈদ্যুতিক খুঁটি স্থাপনে অনিয়মসহ পৌর কাউন্সিলদের বিভিন্ন অভিযোগে মেয়র আফজালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়েছিল।
ঝালকাঠির পৌর মেয়র আফজাল হোসেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
