২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালাটানার বিদ্যুৎ পেতে আরও এক বছর: তৌফিক-ই-এলাহী

ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে আরও এক বছর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 05:07 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

রোববার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিনি বলেন, এক বছর পরে শর্ত মোতাবেক ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ। সম্পর্ক ভালো থাকলে প্রয়োজনে আরও বেশিও পেতে পারে।

বেলা আড়াইটার দিকে ত্রিপুরায় প্রবেশের সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেক পোস্টের জিরো পয়েন্টে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি অতিথি হিসেবে যোগ দিতে আগরতলায় যান।

বিদ্যুৎ কেন্দ্রের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তৌফিক-ই-এলাহী আরও বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে মায়ানমার থেকে গ্যাস বাংলাদেশ হয়ে ভারতে নেওয়ার কথা ছিল। তিন দেশের মন্ত্রীরা এসে চুক্তি স্বাক্ষর করারও কথা ছিল, কাগজপত্রও তৈরি হয়েছিল, কিন্তু খালেদা জিয়া সেটাকে অনুমোদন দেননি।

এটা হলে ভারতের পাশাপাশি বাংলাদেশও লাভবান হতো বলে জানান তিনি।

বর্তমান সরকারের আমলে সাড়ে চার হাজার থেকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়ে ১১ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে।

২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরেই বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে কবলে জানান তিনি।

আখাউড়া চেক পোস্ট দিয়ে আগরতলা প্রবেশের সময় ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মানিক দে তাকে স্বাগত জানান।