আরো দুই মামলা থেকে ইউসুফ মৃধা বাদ
দুর্নীতির আরো দুটি মামলায় পূর্ব রেলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধাকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক।
দুদকের ঢাকা অঞ্চলের দুই কর্মকর্তা রোববার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে অভিযোগপত্র দুটি জমা দেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সহকারী লোকো মাস্টার ও পরিদর্শক (গ্রেড-১) পদে নিয়োগে অনিয়মের অভিযোগে এ দুটি মামলা করা হয়েছিল।
সহকারী লোকো মাস্টার পদে নিয়োগে অনিয়ম-দুর্নীতির মামলায় ইউসুফ মৃধাকে বাদ দিয়ে রেলের অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান এবং সিনিয়র ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়াসহ ৩২ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
পরিদর্শক পদে অনিয়মের মামলা থেকেও মৃধাকে বাদ দেওয়া হয়েছে। এই অভিযোগপত্রে আসামি করা হয়েছে কেবল গোলাম কিবরিয়াকে।
সহকারী লোকো মাস্টার নিয়োগে দুর্নীতির মামলায় অভিযোগপত্র জমা দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকার সহকারী পরিচালক এসএম রাশেদুর রেজা। গত বছরের ১৩ সেপ্টেম্বর তিনিই কোতয়ালি থানায় এ মামলা করেছিলেন।
অপর মামলার অভিযোগপত্র দেন সহকারী পরিচালক মো. কামরুজ্জামান। গত বছরের ১৭ এপ্রিল দুদকের সহকারী পরিচালক কামরুজ্জামান কোতয়ালি থানায় এ মামলা দায়ের করেন।
২০১২ সালের ৯ এপ্রিল গভীর রাতে রাজধানীর বিজিবি সদর দপ্তরে তৎকালীন রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) ওমর ফারুকের গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হলে ওই গাড়িতে থাকা ইউসুফ মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়। চাকরিচ্যুত হন ওমর ফারুক।
এরপর ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে রেলওয়েতে বিভিন্ন পদে নিয়োগে অনিয়মের অভিযোগে চট্টগ্রামে ১৪টি মামলা করে দুদক। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইউসুফ মৃধার বিরুদ্ধে আলাদা মামলা করা হয়।
এর মধ্যে টিকেট ইস্যুয়ার, টুল কিপার, সহকারী কেমিস্ট ও ফুয়েল চেকার পদে নিয়োগ অনিয়মের চার মামলার অভিযোগপত্রে মৃধাকে আসামি করা হলেও গুডস সহকারী ও রেকর্ড কিপার পদে নিয়োগে দুর্নীতির মামলায় দেওয়া অভিযোগপত্র থেকে তাকে বাদ দেওয়া হয়।
