খালাস চেয়ে মীর কাসেমের আপিল
একাত্তরে চট্টগ্রামে নৃশংসতা চালিয়ে ত্রাস সৃষ্টিকারী আলবদর কমান্ডার মীর কাসেম আলী ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন।
জামায়াতের এই শূরা সদস্যের পক্ষে তার আইনজীবী শিশির মুহাম্মদ মনির জানান, রোববার তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিলের এই কাগজপত্র জমা দিয়েছেন।
বিকালে আপিলটি সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষের কোনো আপিল থাকবে না বলে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন।
বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ২ নভেম্বর এ মামলার রায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেয়।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগের মধ্যে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদসহ আটজনকে হত্যায় সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি কাসেমের ফাঁসির রায় আসে।
শিশির মনির বলেন, “আপিলে ১৮১টি যুক্তিতে আমরা তার খালাস চেয়েছি। এতে ১ হাজার ৭৫০ পৃষ্ঠার দলিল-দস্তাবেজ দাখিল করা হয়েছে। মূল আপিল ১৫০ পৃষ্ঠার।
“আমরা বিশ্বাস করি, আমাদের এই দলিল দস্তাবেজ বিবেচনায় নিয়ে আপিল বিভাগ মীর কাশেম আলীকে খালাস দেবে।”
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, “এ মামলায় আমাদের কোনো আপিল থাকবে না। তবে আপিলের সার সংক্ষেপ জমা দিয়ে কাশেমের আপিলেই আমরা অংশ নেব এবং তার দণ্ড বহাল রাখতে যুক্তিতর্ক উপস্থাপন করব।
মুক্তিযুদ্ধের দিনগুলোতে রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর কেন্দ্রীয় কমান্ডার হিসাবে মীর কাসেম চট্টগ্রাম অঞ্চলে সরাসরি মানবতাবিরোধী অপরাধে যুক্ত হন কাসেম আলী।
পঁচাত্তরে রাজনৈতিক পট পরিবর্তনের পর জিয়াউর রহমান জামায়াতকে স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দেন। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ছাত্রসংঘ নাম বদলে ইসলামী ছাত্রশিবির নামে বাংলাদেশে রাজনীতি শুরু করলে মীর কাসেম তার প্রতিষ্ঠাতা সভাপতি হন।
এরপর রাজনৈতিক ও আর্থিক ক্ষেত্রে অসাধারণ ধূর্ততার স্বাক্ষর রেখে অত্যন্ত দ্রুততায় নিজের ও দলের উন্নতি ঘটান কাসেম, পরিণত হন জামায়াতের আর্থিক মেরুদণ্ডে।
ট্রাইব্যুনাল মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে প্রসিকিউশনের ১১ ও ১২ নম্বর অভিযোগে কিশোর মুক্তিযোদ্ধা জসিমসহ আটজনকে হত্যার দুটি ঘটনায় জড়িত থাকার দায়ে।
এর মধ্যে ১১ নম্বর অভিযোগে বলা হয়, মীর কাসেমের পরিকল্পনা ও নেতৃত্বে আলবদর বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধা জসিমকে অপহরণ করে আন্দরকিল্লার ডালিম হোটেলে নিয়ে নির্যাতনের মাধ্যমে হত্যার পর তার এবং আরো পাঁচজনের লাশ কর্ণফুলী নদীতে ফেলে দেওয়া হয়।
আর ১২ নম্বর অভিযোগে বলা হয়, মীর কাসেমের পরিকল্পনা ও নেতৃত্বে আলবদর বাহিনীর সদস্যরা জাহাঙ্গীর আলম চৌধুরী, রঞ্জিত দাস ওরফে লাঠুকে ও টুনটু সেন ওরফে রাজুকে অপহরণ করে ডালিম হোটেলে নিয়ে যায়। পরে জাহাঙ্গীরকে ছেড়ে দেওয়া হলেও লাঠু ও রাজুকে হত্যা করে লাশ গুম করে ফেলা হয়।
১১ নম্বর অভিযোগে তিন বিচারক কাসেমকে সর্বসম্মতভাবে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ সাজার রায় দেয়। তবে ১২ নম্বর অভিযোগের ক্ষেত্রে এক বিচারক আসামিকে খালাস দেওয়ার পক্ষে মত দেওয়ায় ফাঁসির রায় আসে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে।
এছাড়া ২, ৩, ৪, ৬, ৭, ৯, ১০ ও ১৪ নম্বর অভিযোগের সবগুলোতেই অপহরণ করে নির্যাতনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে জানায় ট্রাইব্যুনাল।
এর মধ্যে ২ নম্বর অভিযোগে মীর কাসেমকে ২০ বছর কারাদণ্ড, ১৪ নম্বর অভিযোগে ১০ বছর কারাদণ্ড এবং বাকি ছয় অভিযোগের প্রতিটিতে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
আর ১, ৫, ৮ ও ১৩ নম্বর অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে না পারায় আসামিকে খালাস দেয় ট্রাইব্যুনাল।
মীর কাসেম আলীর নেতৃত্বে চট্টগ্রামে যে ভবনটিতে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের লোকদের ধরে নিয়ে নির্যাতন চালানো হতো, সেই ডালিম হোটেলকে রায়ের পর্যাবেক্ষণে বলা হয়েছে ‘ডেথ ফ্যাক্টরি’।
তথ্যপ্রমাণ হিসাবে আসামিপক্ষের দাখিল করা ‘প্রামাণ্য দলিল: মুক্তিযুদ্ধে চট্টগ্রাম’ গ্রন্থ থেকে উদ্ধৃত করে বিচারক বলেন, “আলবদর সদস্য ও পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাদের ধরে ডালিম হোটেলে নিয়ে আসতো আমৃত্যু নির্যাতন করার উদ্দেশ্যেই। এটাও প্রমাণিত যে, ডালিম হোটেলে আলবদর সদস্যদের পরিচালনা ও নির্দেশনা দিতেন মীর কাসেম আলী নিজে। ডালিম হোটেল সত্যিকার অর্থেই ছিল একটি ‘মৃত্যুর কারখানা’।”
মীর কাসেমের বিরুদ্ধে প্রমাণিত সব অভিযোগেই ডালিম হোটেলের সেই নির্যাতন কেন্দ্রের বিবরণ এসেছে। সেখানে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে ধরে এনে হাত-পা ভেঙে দেওয়া, বেয়নেট দিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করার মদো বহু ঘটনার কথা উঠে এসেছে এ মামলার সাক্ষীদের মুখেও।
ডালিম হোটেল ছাড়াও নগরীর চাক্তাই চামড়ার গুদামের দোস্ত মোহাম্মদ বিল্ডিং, দেওয়ানহাটের দেওয়ান হোটেল ও পাঁচলাইশ এলাকার সালমা মঞ্জিলে বদর বাহিনীর আলাদা ক্যাম্প ও নির্যাতন কেন্দ্র ছিল।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, “ডালিম হোটেলে ঘটে যাওয়া সবধরনের অপরাধের ব্যাপারে সবকিছুই জানতেন মীর কাসেম। এসব অপরাধে তার ‘কর্তৃত্বপূর্ণ’ অংশগ্রহণও প্রমাণিত। ফলে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৪(২) ধারা অনুযায়ী তিনি ‘ঊর্ধ্বতন কর্তৃত্বের’ দোষে দোষী।
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ২০১২ সালের ১৭ জুন গ্রেপ্তার করা হয় জামায়াতের এই কেন্দ্রীয় নেতাকে। পরের বছর ৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে তার বিচার শুরু হয়।
ট্রাইব্যুনালে এ মামলায় মীর কাসেম আলীর বিরুদ্ধে সাক্ষ্য দেন মোট ২৪ জন। আর মীর কাসেমের পক্ষে সাফাই সাক্ষ্য দেন তার ছোট বোন মমতাজ নুরুদ্দিনসহ তিনজন।
