‘তারা আসছেন…....তারা আসছেন’
বঙ্গবন্ধুকে নিয়ে একটি আলোচনার অনুষ্ঠানে অতিথি করা হয়েছিল ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে। শুরু থেকে বারবার ঘোষণাও আসছিল ‘তারা আসছেন’। ফাঁকে আয়োজকরা নিজেরাই দিচ্ছিলেন দীর্ঘ বক্তৃতা। শেষে জানানো হল, আমন্ত্রিত মন্ত্রীদের একাধিক জন রয়েছেন দেশের বাইরে।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সরকার সমর্থক ‘বঙ্গবন্ধু জয় বাংলা লীগ’ নামে একটি সংগঠনের ‘স্বাধীন রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনায় এমন দৃশ্যের অবতারণা হয়।
অনুষ্ঠানে দীর্ঘ বক্তৃতায় ‘ক্লান্ত’ শ্রোতাদের মধ্য থেকে বলতে শোনা যায়- “এসব ভূঁইফোড় সংগঠন, সবাই এখানে আসেন না। হয়ত মন্ত্রীরাও জানেন না তারা আমন্ত্রিত। মন্ত্রীদের নাম প্রচার করে গণমাধ্যমকর্মীদের জড়ো করাই এদের লক্ষ্য।”
সকাল ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজউদ্দিন প্রমাণিক, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের।
একঘেয়ে বক্তৃতা আর মন্ত্রীদের আসতে দেরি হওয়ায় অনেককেই এ সময় অধৈর্য হয়ে পড়তে দেখা যায়।
এক পর্যায়ে উপস্থাপক ঘোষণা দেন, “অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী একনেক বৈঠকে রয়েছেন। বৈঠক শেষ করে এখানে আসবেন। আর পাট ও বস্ত্র মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্মমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জরুরি মিটিংয়ে আটকা পড়েছেন। মিটিং শেষ করে আসবেন। আপনারা ধৈর্য ধরুন।”
তার ঘণ্টাখানেক পর সংগঠনের সাধারণ সম্পাদক সুজাউল বারী ফের ঘোষণা দেন- আমন্ত্রিত মন্ত্রীদের দুইজন দেশের বাইরে রয়েছেন।
“বস্ত্রমন্ত্রী ও ধর্মমন্ত্রী দেশের বাইরে আছেন। প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী একনেক বৈঠকে রয়েছেন। মনে হয় তিনি আসতে পারবেন না।”
দুঃখ প্রকাশ করলেন শেষ মুহূর্তে উপস্থিত সমাজকল্যাণ মন্ত্রী প্রমোদ মানকিনও। তিনি বলেন, “সরকারের যে সব মন্ত্রী এখানে আসতে চেয়েছিলেন তারা ব্যস্ততার জন্য আসতে পারেননি। তাদের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি।”
আলোচনা শেষে ‘বঙ্গবন্ধু জয় বাংলা লীগের’ কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির দপ্তর সম্পাদক মো আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মূলত একটি সামাজিক সংগঠন। বঙ্গবন্ধুকে নিয়ে আমরা গবেষণা করি।”
তবে কী ধরনের গবেষণা তারা করেন সে প্রশ্নের কোনো সদুত্তর মেলেনি।
তিনি বলেন, “আমাদের অনেক রকম গবেষণা রয়েছে। মূলত আমরা বঙ্গবন্ধুকে নিয়ে পিএইচডি করার বিষয়ে আন্দোলন করছি।”
