২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিলবোর্ড উচ্ছেদ অভিযান চলবে ডিসেম্বর প্রথম সপ্তাহ পর্যন্ত

চট্টগ্রাম নগরীর অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করতে চলমান অভিযান আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 10:43 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) ভবনে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার আবদুল জলিল মন্ডলের সঙ্গে সিটি মেয়র মনজুর আলমের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে রাতে সিসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।  

অবৈধ বিলবোর্ড অপসারণ কার্যক্রমের সমন্বয়ের জন্য এ সভা আহ্বান করা হয়।

ওই বৈঠকে মেয়র বলেন, পরিবেশ সুরক্ষায় আমি নগরীর বিভিন্ন শ্রেনী-পেশার নাগরিকের সচেতনতা কামনা করি। নগরবাসীও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। 

বৈঠকে সিটি করপোরেশনরে পক্ষে অংশ নেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ওয়ার্ড কাউন্সিলর দিদারুর রহমান, আনজুমান আরা, সিসিসি’র প্রধান নির্বাহী আলী আহমদ ও সচিব রশিদ আহমদ, সিএমপির পক্ষে অংশ নেন অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার ও এ কে এম শহিদুর রহমান।

সোমবার নগরীর টাইগার পাস এলাকায় তিনটি বিলবোর্ড ও পাঁচটি খুঁটি উচ্ছেদ করা হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এর আগে রোববার নগরীর ওয়াসা মোড় থেকে লালখান বাজার পর্যন্ত এলাকায় ছয়টি বিলবোর্ড অপসারণ করা হয়। এ সময় বিলবোর্ড মালিকদের বাধার মুখে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এদিকে ওই দুইদিন উচ্ছেদ করা বিলবোর্ডের মধ্যে কয়েকটি বৈধ বলে দাবি করেন বিলবোর্ড মালিকরা।

দীর্ঘদিন ধরে সড়ক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বন্দর নগরীর অবৈধ বিলবোর্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন। গত চার বছরে সিসিসি মাত্র ৬৮টি বিলবোর্ড উচ্ছেদ করে।

এ পরিস্থিতিতে গত বৃহস্পতিবার এক সভায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার আবদুল জলিল মন্ডল বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরুর ঘোষণা দেন।

এরপর শুক্র ও শনিবার নগরীতে অবৈধ বিলবোর্ড সরিয়ে নিতে মাইকিং করা হয়। রোববার সকালে সিটি করপোরেশনের তালিকা অনুসারে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু হয়।

সিসিসি’র করা তালিকা অনুযায়ী চট্টগ্রাম নগরীতে বৈধ বিলবোর্ড ছয় হাজার ৪৮৫টি আর অবৈধ বিলবোর্ড ৩৫৪টি।