২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের হাতে গ্রেপ্তার ১১

রাজধানীতে পল্টন ও বংশালে দুইটি আলাদা অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 08:55 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

সোমবার বিকাল ও রোববার গভীর রাতে এই দুইটি অভিযান চালানো হয় বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।     

র‌্যাব ৩ অপারেশন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে পুরানা পল্টন এলাকার ‘শান্তিনগর স্কুল ও একাডেমী’র নিচতলা থেকে বিদেশি পিস্তল ও দেশিয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন, অয়ন (২০), ইমরান (২০), হৃদয় (২৩), আলমগীর (২৬) ও আলী রেজা (৩৫)।

র‌্যাব কর্মকর্তা রবিউল করিম বলেন, “গ্রেপ্তারদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, ৮৩টি গুলি এবং দেশিয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।”

তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এদিকে রোববার গভীর রাতে পৃথক আরেকটি অভিযানে রাজধানীর বংশাল থেকে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব ২- এর অপারেশন অফিসার মারুফ আহমেদ জানিয়েছেন।

তারা হলেন, মো. নুর হোসেন (২২),  মো. মনি হোসেন (২৭),  মো. সোহেল (২৪), মো. মাসুম (২৬), মো. মিরাজ (২৪) ও মো. ইমরান (২২)।

র‌্যাব কর্মকর্তা মারুফ আহমেদ বলেন, “রাতে বংশাল থানা এলাকার সামসাবাদ লেনের মো. বুলবুল হোসেনের মালিকানাধীন বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে  ১৭৫টি নেশাজাতীয় ইঞ্জেকমন, ২৫ পিস ইয়াবা ও প্রায় ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা মারুফ।