পঞ্চগড়ে দূরপাল্লার বাস ধর্মঘট চলছে
কাউন্টার ভাংচুরের ঘটনায় দূরপাল্লার যাত্রীবাহী বাস ধর্মঘট দ্বিতীয় দিনের মতো অব্যাহত আছে।
রোববার সকাল থেকে ডে-নাইট কোচ এজেন্সি কল্যাণ সমিতির ডাকে দূরপাল্লার বাসের ধর্মঘট শুরু হয়।
এর আগে শ্রমিকদের উপর হামলার মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শনিবার রাত থেকে রোববার বিকাল ৪টা পর্যন্ত পরিবহন শ্রমিকরা ১৮ ঘণ্টা ধর্মঘট পালন করে।
এরপর একজনকে আটকের পর ৭২ ঘণ্টার মধ্যে অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
পঞ্চগড় ডে-নাইট কোচ এজেন্সি কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক ইরান চৌধুরী বলেন, শ্রমিক সংগঠনের দায়ের করা মামলায় সোমবার সকালে বাবলু নামে আরো একজনকে পুলিশ গ্রেপ্তার করে। দুপুরে গ্রেপ্তারকৃত দুইজন ও অন্য অভিযুক্তরা মুখ্য বিচারিক হাকিম আদালত থেকে জামিন পান।
তবে, ডে-নাইট কোচ এজেন্সি কল্যাণ সমিতি কাউন্টারে ভাংচুর চালানোর অভিযোগে সদর থানায় মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ও সড়ক সম্পাদক ফজলুল করিম দুলালের বিরুদ্ধে এজাহার জমা দেয়।
এ এজাহার রেকর্ড ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কাউন্টার বন্ধ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য সকাল থেকে দূরপাল্লার কোন গন্তব্যে যাত্রীবাহি বাস ছেড়ে যায়নি।
এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, এজাহারে বর্ণিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা পেলে তা রেকর্ড ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
