সিলেটে বিজিবি-বিএসএফ সম্মেলন শুরু
সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে আঞ্চলিক কমান্ডার ও আইজি পর্যায়ের চার দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে।
সিলেটের তামাবিল সীমান্ত সম্মেলন কেন্দ্রে সোমবার এ সম্মেলন শুরু হয় বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা, আটক, অপহরণ, নির্যাতন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, অস্ত্র গোলাবারুদ ও বিষ্ফোরক চোরাচালান, মাদক চোরাচালন, সীমান্ত এলাকায় অনুমোদিত ও অননুমোদিত নির্মাণকাজ সংক্রান্ত ইস্যু, সীমান্ত পিলার রক্ষা এবং দুই বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশের পক্ষে ২০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক মো. লতিফুল হায়দার।
প্রতিনিধি দলে বিজিবির উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আঞ্চলিক কমান্ডার, সাত জন সেক্টর কমান্ডারসহ স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।
অন্যদিকে ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ারের আইজি শ্রী সুদেশ কুমার।
