২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসির ফরম পূরণে `অতিরিক্ত' অর্থ আদায়

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 05:08 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানানোয় সোমবার এক শিক্ষার্থীকে স্কুলে আটকে নির্যাতনের অভিযোগও উঠেছে।

নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থী জানায়, সিড্যা উচ্চ বিদ্যালয় থেকে ৪৬ জন শিক্ষার্থী আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

স্কুল কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণ বাবদ বিভিন্ন খাত দেখিয়ে পাঁচ হাজার টাকা করে আদায় করছে।

আর ১২ জন শিক্ষার্থীকে নির্বচনী পরীক্ষায় অকৃতকার্য দেখিয়ে তাদের কাছ থেকে ১৫ হাজার টাকা করে আদায় করারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

পরীক্ষার্থীরা জানায়, অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানানো হলে স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান তোতা ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলাউদ্দীন আমীনের লোকজন ক্ষিপ্ত হয়।

এ ঘটনার জের ধরে সোমবার সকালে শাওন নামের এক শিক্ষার্থীকে স্কুলের কক্ষে আটকে রাখা হয়। এছাড়া স্কুল কর্তৃপক্ষের লোকজন বাড়ি বাড়ি গিয়ে অভিযোগকারী শিক্ষার্থীদের খোঁজ করে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

তবে শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনা অস্বীকার করে প্রধান শিক্ষক হাবিবুর রহমান তোতা বলেন, “ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা টাকা নিচ্ছি।”

স্কুলটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলাউদ্দীন আমীন বলেন, “অযথা আমাদের বিদ্যালয়ের সুনাম নষ্ট করার জন্য এ ধরনের অভিযোগ করা হচ্ছে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গিয়াস উদ্দীন জানান, বিষয়টি জানার পর তিনি ফোনে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে কথা বলেছেন।

“তবে তারা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন।”