ব্রাহ্মণবাড়িয়ায় সহকারী কমিশনার কার্যালয়ে সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে দুদলের সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছে।
সোমবার এ ঘটনার সময় অফিসের ভেতরে রাখা একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।
পরে দমকল বাহিনীর সদস্যরা প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসনাত মুর্শেদ ভুইয়া জানান, বেলা ১১টার দিকে উপজেলার সুলতানপুরের একটি বিরোধপূর্ণ ভূমির শুনানির সময় অফিস কম্পাউন্ডে দুপক্ষের সংঘর্ষ বাধে।
এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। পরে দমকল বাহিনীর লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে, অফিস কর্মচারীসহ আহত পাঁচ জনের নাম জানাতে পারেননি তিনি।
সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে এ ঘটনায় স্বপন লাল দত্তকে এক বছর এবং প্রতিপক্ষ মিহিল লাল দত্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর স্টেশন ইনচার্জ মো. উয়ালীউল্লাহ জানান, মোটরসাইকেলটি পুড়ে ছাই হলেও অফিস কক্ষের তেমন আর ক্ষতি হয়নি।
