শফিউল খুন: রাবিতে বিক্ষোভ-মানববন্ধন
অধ্যাপক এ কে এম শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এদিনও কোনো ক্লাস-পরীক্ষা হয়নি।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবারও ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির। ১৫ দিনের মধ্যে খুনি গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও রয়েছে তাদের।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ, সমাজবিজ্ঞান বিভাগ এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
সকাল সাড়ে ১০টায় প্রগতিশীল শিক্ষক সমাজ এবং বেলা ১১টায় সমাজবিজ্ঞান বিভাগ মানববন্ধন কর্মসূচি পালন করে ক্যাম্পাসের প্যারিস রোডে।
মানববন্ধন থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ওয়ারদাতুল আকমাম বলেন, “সুষ্ঠু তদন্তের মাধ্যমে অধ্যাপক শফিউল হত্যার প্রকৃত দোষীকে খুঁজে শাস্তি দিতে হবে। লোক দেখানো বা কোনো রকম গড়িমসি যেন না হয় সে ব্যাপারে প্রশাসনকে নিশ্চয়তা দিতে হবে।”
শনিবার ক্যাম্পাস সংলগ্ন চৌদ্দপাই এলাকায় দুর্বৃত্তের হামলায় নিহত শফিউল সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।
এই হত্যাকাণ্ডের জন্য জঙ্গিদের দায়ী করেছেন নিহত শিক্ষকের একমাত্র ছেলে।
ছাত্রলীগের সমাবেশ থেকে হত্যাকাণ্ডের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করা হয়।
দুপুর ১২টায় ছাত্রলীগ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ করে রাখে। পরে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় তাদের কর্মসূচি।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, “১৯৭১ সালের মতো জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা আবারো নারকীয় হত্যাকাণ্ডে মেতে উঠেছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আইনের মাধ্যমে তাদের নিষিদ্ধ করতে হবে। আর কোনো শিক্ষককে যেন খুন হতে না হয় সেজন্য অপরাধীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
