মিরসরাইয়ে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
চট্টগ্রামের মিরাসরাইয়ে আট বছর আগে এক দোকানিকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
সোমবার জননিরাপত্তা ট্রাইবুন্যাল ও বিশেষ জেলা ও দায়রা জজ মো. মমিনউল্লাহ এই রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- মো. জহির উদ্দিন ও জিয়া উদ্দিন। দুই জনই মিরসরাই উপজেলার করেরহাট এলাকার বাসিন্দা।
এদের মধ্যে জিয়া কারাগারে রয়েছেন। তবে জহির পলাতক।
জননিরাপত্তা ট্রাইবুন্যালের বিশেষ পিপি মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যাকাণ্ডের দায়ে আদালত দুই জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও দুইবছরের কারদণ্ড কার্যকর হবে বলেও জানান তিনি।
২০০৬ সালের ২১ নভেম্বর নিহত হন করেরহাটের পান-সিগারেট দোকানি আনোয়ার হোসেন।
মামলা থেকে জানা যায়, জহির ও জিয়ার কাছে আনোয়ার তার পাওনা টাকা চেয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা আনোয়ার ও তার ভাই আবুল কালামকে কাঠ দিয়ে পেটায়। গুরুতর আহতাবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন।
আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, “এ ঘটনার পরদিন ২২ নভেম্বর নিহতের মা সালমা খাতুন বাদী হয়ে মিরসরাই থানায় জহির ও জিয়াকে আসামি করে একটি মামলা করেন।”
পরের বছর ৩০ মার্চ পুলিশ দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলাটি বিচারের জন্য জননিরাপত্তা ট্রাইবুন্যালে পাঠানো হলে ট্রাইবুন্যাল ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর অভিযোগ গঠন করে।
রাষ্ট্রপক্ষের ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।
