২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্ন আদালতে কর্মকর্তা নিয়োগ: মন্ত্রণালয়ের প্রতিনিধি বাদ

নিম্ন আদালতের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ-বাছাই কমিটিতে মন্ত্রণালয়ের প্রতিনিধি রাখার দুটি বিধিমালা সংবিধান বহির্ভূত ঘোষণা করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 03:50 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি করে রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন এই রায় দেয়।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান।

২০১০ সালের ১ নভেম্বর দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে জেলা জজ ও অধস্তন আদালতসমূহ এবং বিভাগীয় বিশেষ জজ আদালতসমূহ (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা-১৯৮৯ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির আদালতসমূহ (সহায়ক কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০০৮ সংশোধন করা হয়।

ওই সংশোধনীর ফলে জেলা আদালতগুলোতে নিয়োগ ও পদোন্নতিতে ‘তিন সদস্যের বাছাই কমিটির’ সদস্যদের বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়। সেখানে চেয়ারম্যান ও সদস্য সচিব হিসাবে বিচার বিভাগীয় দুইজন কর্মকর্তার পাশাপাশি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে রাখার কথা বলা হয়।

একইভাবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি ও মেট্রোপলিটন আদালতগুলোতে চার সদস্যের কমিটিতে মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি রাখার বিধান করা হয়।

ওই বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট মনজিল মোরসেদ, আসাদুজ্জামান সিদ্দিকী, সারওয়ার আহাদ চৌধুরী রিট আবেদন করেন।

তাদের আবেদনের প্রাথমিক শুনানি করে ২০১২ সালের ৬ মে আদালত রুল জারি করে। ওই রুলের চূড়ান্ত শুনানি করেই এ রায় এলো।

শুনানিতে মনজিল মোরসেদ বলেন, নিম্ন আদালতের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতিতে মন্ত্রণালয়ের প্রতিনিধি রাখা বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করার শামিল, যা বিচার বিভাগ পৃথকীকরণের মাসদার হোসেন মামলার রায়েরও বিরোধী।

“সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুসারে নিম্ন আদালতের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের দায়িত্ব সুপ্রিম কোর্টের।”