২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক বিচারপতির সেই ছেলেকে কারাগারেই থাকতে হচ্ছে

উগ্রপন্থি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে গ্রেপ্তার মো. আসিফ আদনানকে কারাগারেই থাকতে হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 10:54 AM

Updated : 22 Aug 2022, 07:53 PM

তাকে দেওয়া হাই কোর্টের জামিনের ওপর দেওয়া স্থগিতাদেশ বহাল রেখে এ বিষয়ে জারি করা রুল ৩১ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ বিষয়ে শুনানি শেষে রোববার এই আদেশ দেয়।

গত সেপ্টেম্বরে ২৬ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। হাই কোর্টের একটি বেঞ্চ গত সোমবার পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত তাকে জামিন দেয়।

পরে রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে চেম্বার বিচারপতির কাছে গেলে তিনি বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। প্রাথমিক শুনানি করে আপিল বিভাগ হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত করে দেয়। 

আর রাষ্ট্রপক্ষের আবেদনের নিষ্পত্তি করে রোববার আপিল বিভাগ ওই স্থগিতাদেশ বহাল রাখে।

গত বৃহস্পতিবার শুনানিতে আসিফের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। আসিফের বাবা হাই কোর্টের সাবেক বিচারক ও আইনজীবী আব্দুস সালাম মামুনও আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

আসিফের পাশাপাশি আরেকজনকে গ্রেপ্তারের পরদিন ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছিলেন, “তারা সম্প্রতি প্রচারিত আল-কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির ভিডিও বার্তায় অনুপ্রাণিত হয়ে তুরস্ক ও সিরিয়া যাওয়ার পরিকল্পনা করেছিল। তারা কথিত জিহাদে অংশ নিয়ে দেশে ফিরে তাদের নিজস্ব মতবাদ প্রচার করতে চেয়েছিল।”

গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহমুদ নাসের জনি বলেছিলেন, “গ্রেপ্তাররা প্রভাবশালী পরিবারের সদস্য। বাংলাদেশে আল-কায়েদা নেটওয়ার্ক শক্তিশালী করতে তাদের এক সহযোগী যুক্তরাজ্য থেকে এসে এদেশে অবস্থান করছিল।”

আসিফের দেওয়া তথ্যে পরে ব্রিটিশ নাগরিক সামিউন রহমান ওরফে ইবনে হামদান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ জানায়, সামিউন ‘মুজাহিদ’ সংগ্রহে ঢাকায় অবস্থান করছিলেন।