২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে যৌতুকের জন্য ২ গৃহবধূকে হত্যার অভিযোগ

ময়মনসিংহ সদর ও গৌরীপুর উপজেলায় যৌতুকের জন্য দুই গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে, যাদের একজন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 04:07 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

সদর উপজেলায় নিহত মাজেদা বেগম (২২) গোবিন্দপুর পাটনীপাড়ার বাচ্চু মিয়ার এবং গৌরীপুরে নিহত নাসরিন আক্তার (২৪) লামাপাড়া গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।

এর মধ্যে অন্তঃসত্ত্বা নাসরিন নিহতের ঘটনায় স্বামী সোহেল ও তার মাকে এবং মাজেদার  ঘটনায় তার শ্বশুর-শাশুড়িকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালির ওসি ফজলুল করিম বলেন, “শুক্রবার রাতে সদরের গোবিন্দপুর পাটনীপাড়ায় যৌতুকের দাবিতে মাজেদাকে শ্বশুর আলী হোসেন মুন্সী, শাশুড়ি ফিরোজাসহ পরিবারের লোকজন বেদম মারধর করে। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।”

খবর পেয়ে পরিবারের লোকজন শনিবার সকালে দেখতে আসলে মাজেদার ভাই আকরামকে মারধর করা হয়। গুরুতর আহত আকরামকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মাজেদার শ্বশুর আলী হোসেন মুন্সী ও শাশুড়ি ফিরোজাকে আটক করা হয়েছে বলে জানান সদরের এ পুলিশ কর্মকর্তা।

এদিকে গৌরীপুরের লামাপাড়া গ্রামে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা নাসরিনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করেছে তার পরিবার।

গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আলী শেখ জানান, এ ঘটনায় নাসরিনের স্বামী সোহেল মিয়া ও শাশুড়ি হালেমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।