নড়াইলে তিন ‘মাদক বিক্রেতা’ আটক
নড়াইল সদরে ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সীতারামপুর ব্রিজ এলাকায় নড়াইল-যশোর সড়কে এ অভিযান চালানো হয় বলে জানান নড়াইল ডিবি পুলিশের এসআই সিদ্দিকুর রহমান।
আটকরা হলেন-পাবনার শালগাড়িয়া গ্রামের রনি ইসলাম (৩০), শ্রীকান্তপুর গ্রামের আলম খান (৩২) ও জয়নাল হোসেন (৪০)।
এসআই রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকাল সাড়ে ৮টার দিকে সীতারামপুর ব্রিজ এলাকায় যানবাহন তল্লাশি করা হয়। এ সময় একটি মাইক্রোবাসে ১৪৭ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
ওই মাইক্রোবাসের তিন আরোহীকে আটক করা হয়। তারা তিন জনই মাদক বিক্রেতা।
এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও তিনি জানান।
